আগামী নির্বাচনে একাধিক আসনে লড়বেন চর মোনাই পীর, কুড়িগ্রাম - ৩ আসনে জয়ের আশাবাদ
চর মোনাই পীর নামে অধিক পরিচিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির সৈয়দ ফজলুল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিন থেকে পাঁচটি আসনে প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
জানা গেছে, প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ফজলুল করিমের নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু দলীয় কর্মীদের অনুরোধ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুকূল কৌশলগত পরিবেশ পেয়ে তিনি তার মত পরিবর্তন করেছেন।
সূত্র জানায়, দলের প্রধানদের জন্য তিনটি আসন বরাদ্দ থাকলে চর মোনাই পীর দক্ষিণাঞ্চল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বরগুনা, পটুয়াখালী ও বরিশাল থেকে প্রার্থী হবেন। তবে পাঁচটি আসন থেকে পীর প্রার্থী হলে সেক্ষেত্রে বাকি দু’টি আসন হবে উত্তরবঙ্গ থেকে।
সূত্র জানায়, কুড়িগ্রাম থেকে অন্তত একটি আসনে জয়ের ব্যাপারে দল আশাবাদী। আর এক্ষেত্রে ইসলামী শাসতন্ত্র আন্দোলনের নজর হচ্ছে কুড়িগ্রাম - ৩ আসনের উপর।
উল্লেখ্য, কুড়িগ্রাম - ৩ আসনটি বর্তমানে জাতীয় পার্টির (এরশাদ) সাংসদ মোহাম্মদ মতিউর রহমানের দখলে।
সূত্র জানায়, প্রকৃতপক্ষে তিনি (সাংসদ মোহাম্মদ মতিউর রহমান) আমাদেরই লোক। যদিও তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের সাথে সমঝোতা করে প্রার্থী হয়েছিলেন।
এ ব্যাপারে মতিউর রহমান এমপির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমপির কুড়িগ্রামের বাড়িতে ফোন করা হলে কেউই ফোন ধরেননি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুকূল বলে মনে করছেন। বিশেষ করে সারা দেশে জঙ্গিদের বোমা হামলার ঘটনার পর। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের মদদদাতা হিসেবে জোট সরকারের অন্যতম শরিক জামায়াতে ইসলামী বাংলাদেশের নাম সামনে চলে আসায় এ সুযোগকে কাজে লাগিয়ে ইসলামপ্রেমী ভোটারদের কাছে টানতে চায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলীয় নেতা বলেন, আর জামাত নয়, আর মহিলা নেতৃত্ব নয়। জামায়াত যে ভয়াবহ বোমা ও গ্রেনেড হামলার সাথে জড়িত ছিল জনগণ এখন তা জেনে গেছে।
