চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিডিআর-বিএসএফ গুলিবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকূপি ও কিরণগঞ্জ সীমান্তে শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৬ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফর রহমান জানান, ভারতের ১০৮ বিএসএফ ব্যাটালিয়নের শুকদেবপুর ও শ্বশানী সীমান্ত ফাঁড়ির জোয়ানরা রাত দেড়টার দিকে বাংলাদেশী অবস্থান লক্ষ্য করে ৮/১০ রাউন্ড গুলিবর্ষণ করে। জবাবে বিডিআর সদস্যরাও পাল্টা ৪/৫ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
এদিকে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের পর সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানায়।
