পানির দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ, ভাংচুর
চাহিদা অনুযায়ী পানি সরবরাহ না করার প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের বিক্ষুব্ধ ছাত্ররা শনিবার দুপুরে কলেজ অধ্যক্ষকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থায় রেখে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে এবং কয়েকটি ভবনের দরজা জানালার কাঁচ ভাংচুর করে।
শিক্ষার্থীরা জানান, সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের তৃতীয় ও চতুর্থ তলার ছাত্ররা গত তিন মাস ধরে পানি সংকটে ভুগছে। ছাত্রদের অভিযোগ বিষয়টি বার বার অধ্যক্ষকে জানানো হলেও তিনি কৌশলে তা এড়িয়ে যান। শনিবার দুপুরেও ছাত্ররা দলবদ্ধভাবে অধ্যক্ষকের কাছে সমস্যা সমাধানের দাবি জানালে, বিষয়টি পরে দেখা হবে বলে তিনি জানান। বিক্ষুব্ধ ছাত্ররা এ সময় অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রেখে পানির দাবিতে স্লোগান দিতে থাকে। তারা এ সময় কয়েকটি কক্ষের দরজা ও জানালার কাঁচও ভাংচুর করে।
পরে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভরত ছাত্রদের সাথে কলেজ কর্তৃপক্ষের আলোচনা শেষে ছাত্ররা অধ্যক্ষের কক্ষের সামনে থেকে অবরোধ তুলে নেয়।
