রাজধানীর উত্তরার মার্কেটে প্রকাশ্যে ছিনতাইকৃত মোবাইল সেট বিক্রি হচ্ছে
রাজধানীর উত্তরায় বিভিন্ন নামী-দামী মার্কেটে চুরি ও ছিনতাইকৃত মোবাইল সেট মেরামত ও সার্ভিসিং-এর পর প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
একটি চোরাই সিন্ডিকেট মার্কেটের দোকানদারদের সাথে আতাত করে সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
প্রতিদিন উত্তরা, টঙ্গী, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত ও গাজিপুর এলাকায় যতো মোবাইল চুরি ও ছিনতাই হয় সবগুলো উত্তরার চার/পাঁচটি মার্কেটে বিক্রি হয়।
এসব মার্কেটগুলো হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্স, এ এইচ টাওয়ার, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, মাসকট প্লাজা ও আমির কমপ্লেক্স।
সূত্র জানায়, দোকানীরা কম দামে মোবাইলগুলো কিনে সেটগুলো খুলে ফেলে এবং মোবাইলের যন্ত্রাংশের সাথে চোরাই পথে আসা যন্ত্রাংশ লাগিয়ে নতুন মোবাইলের কেসিং জুড়ে সেট তৈরি করে।
মোবাইলের সাথে যে সব কাগজপত্র এবং ক্যাটালগ দেওয়া হয় সেগুলোও পুরান ঢাকাসহ মতিঝিল এলাকার বিভিন্ন প্রেসে ছাপা হয়।
একটি সূত্র জানায়, সনি এরিকসন, স্যামসাং, নকিয়া, ফিলিপস্সহ বিভিন্ন ব্র্যান্ডের মডেলের সেট কম দামে বিক্রি করা হয়। এসব দোকানগুলোতে ৫০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা দামের মোবাইল সেট পাওয়া যায়।
অপর সূত্র জানায়, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত একশ্রেনীর দালাল সিন্ডিকেটের সাথে আতাত করে চোরাই পথে মোবাইল সেটগুলো বিক্রি করছে।
এব্যাপারে স্থানীয় থানা পুলিশ নিরব ভূমিকা পালন করছে বলে জানা যায়।
