দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত, আহত ৫২
সাভার, সিরাজগঞ্জ, রাজশাহী খুলনা ও ফরিদপুরে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং কমপক্ষে ৫২ জন আহত হয়েছে। এরমধ্যে একটি বরযাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হলে বর গুরুতর আহত হন।
বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, ঢাকা--আরিচা মহাসড়কের সাভারে শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়। এদের মধ্যে একজন মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহ (২৩)। অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ মোটর সাইকেলযোগে নবীনগর যাওয়ার পথে সাভার রেডিও কলোনীর কাছে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের রাঙ্গাবন নার্সারীর সামনে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় এক রিক্সা আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
উভয় ঘটনায় সাভার থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
খুলনা প্রতিনিদি জানান, রূপসা সেতুতে বরযাত্রীবাহী বাসের সাথে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বরসহ ২০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে বর লিটন শেখ (২৫) ও তার এক আত্মীয়ের অবস্থা আশংকাজনক। আহতদের বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বিকেল সোয়া ৪টায় খুলনা থেকে বাগেরহাটগামী বরযাত্রীবাহী বাস (যশোর-জ-০৪-০০৫৫) রূপসা সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের (পিরোজপুর-জ-০৫-০০৪৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বর লিটন শেখ, আত্মীয় রেজাউল করিম (৫৫), ইমরান (১১), আশাফুর (৩০) সহ উভয় বাসের ২০ জন যত্রী গুরুতর আহত হয়।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর জেলার নগরকান্দা ও ভাঙ্গা উপজেলায় শুক্রবার দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গা উপজেলার মাওয়া -- ঢাকা মহাসড়কের মালিগ্রাম এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি টেম্পোকে ধাক্কা দিলে এক কিশোরীসহ ৪ জন নিহত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
অপর ঘটনায় জেলার নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা এক মটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ২০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন - সিরাজুল, ইজ্জত আলী, হাফিজ, মনোয়ারা বেগম ও আব্দুর রহমান।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ--বনপাড়া--নাটোর মহাসড়কের রামার চর এলাকায় শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
নিহতরা হলো সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আমসারা গ্রামের রেখা খাতুন (৩৫) এবং উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ভূটভূটি চালক লাল চাঁন মিঞা (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে শ্যালো ইঞ্জিন চালিত একটি নসিমনকে (ভূটভূটি) ধাক্কা দিলে তা পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক লাল চাঁন মিঞাসহ দুইজন নিহত হয়।
আহতদের মধ্যে রোকেয়া, রাকিব, মালেহা বেগম ও জেস্মিনসহ পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারে নি। এ ঘটনায় সিরাজগঞ্জ সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে শুক্রবার দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
নিহত এরশাদ আলী (২৬) এবং মোহাম্মদ আলী (২৮) দুজনেরই বাড়ি চারঘাট উপজেলার শিশাতলা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে ওই দুই যুবক সাইকেল যোগে চারঘাট যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
