সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারে শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন হচ্ছে -- মাদ্রাসা ছাত্র হাবিবুল্লাহ (২৩) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ মোটর সাইকেলযোগে নবীনগর যাওয়ার পথে সাভার রেডিও কলোনীর নিকট একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাঙ্গাবন নার্সারীর সামনে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় এক রিক্সা আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
এ ব্যাপারে সাভার থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
