২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে উত্তরায় তিন আদিবাসী খুন

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে বৃহস্পতিবার গভীর রাতে তিন আদিবাসী খুন হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম সঞ্জয় কুমার সিংহ (২০)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 12:44 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

অপর দুজনের মধ্যে একজন সঞ্জয়ের চাচা (৪০) ও তার কাজের ছেলে (২৫)। তবে তাদের নাম জানা যায়নি।

তাদের তিনজনকেই জবাই করে হত্যা করা হয়েছে বলে র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত সঞ্জয় স্থানীয় মাইলস্টোন কলেজের ছাত্র। সে এ বছর ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের লাশ উদ্ধারে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন।

স্থানীয় সূত্র ও র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালায়। র‌্যাব গার্মেন্টস ব্যবসায়ী ভজন কুমার সাহার ওই বাসার ছয়তলার একটি ফ্ল্যাটের দুটি কক্ষ তিন জনের জবাই করার মৃতদেহ উদ্ধার করে।

কে বা কারা এ হত্যা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণও জানা সম্ভব হয়নি।

গৃহকর্তা ভজন সাহা ও দারোয়ান নিক্সন জানায়, সঞ্জয়ের বড়ভাই সুমন চার জন থাকার কথা বলে দুমাস আগে বাসাটি ভাড়া নেয়। তাদের বাসায় কোনো মহিলা থাকতো না।

তবে ঘটনার সময় পুলিশ ওই বাসা থেকে মহিলাদের কাপড়-চোপড় উদ্ধার করেছে।

দারোয়ান নিক্সন জানায়, সে সকালে সঞ্জয়কে বাসায় ঢুকতে দেখেছে। এরপর আর তাকে দেখা যায়নি।

র‌্যাব সূত্রে জানা গেছে, বাসার দুটি কক্ষের পূরো অংশেই জমাট বাধা রক্ত দেখা গেছে। তাদের বৃহস্পতিবার দিনের যে কোনো সময় হত্যা করা হতে পারে।