আরও ৫ দিনের রিমান্ডে বিডি ফুডসের চেয়ারম্যান ও ম্যানেজার
বিডি ফুডসের চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিন এবং ম্যানেজার মাঈনুদ্দিনকে পৃথক দু’টি মামলায় আবারও পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
লন্ডনে হেরোইন পাচার ঘটনায় মতিঝিল থানায় দায়েরকৃত একটি মামলায় সাত দিনের রিমান্ড শেষে সিআইডি পুলিশ মোমিনকে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে। অপরদিকে সূত্রাপুর থানার ৫৪ কেজি হেরোইন পাচার মামলায় তিনদিনের রিমান্ড শেষে মাঈনুদ্দিনকে আদালতে হাজির করা হয়। দু’জনকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেয়া হয়।
ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার শুনানি শেষে মোমিনকে এবং মাঈনুদ্দিনকে ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোমিনের রিমান্ডের আবেদনে বলা হয়, ১৯৮৫ সালে ২০ থেকে ৪০ হাজার টাকার পুঁজি নিয়ে মোমিন সবজি রপ্তানির ব্যবসা শুরু করলেও বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক। পরিবারের খরচের জন্যে তিনি প্রতি মাসে আট থেকে দশ লাখ টাকা কোম্পানি থেকে নিতেন। তার অপর ম্যানেজার বুলবুল ও চট্টগ্রাম বিমানবন্দরের ট্রলিম্যান মোখলেসুর রহমান নয়ন ১৪ মে ১৬৪ ধারায় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার সাথে লন্ডনে হোরোইন পাচারের ব্যাপারে বদরুদ্দোজা মোমিনের দেওয়া বক্তব্যের মিল রয়েছে। কারা, কীভাবে, কোথা থেকে বাংলাদেশে হোরোইন এনেছে এবং কাদের মাধ্যমে পাচার করেছে, তা সনাক্ত করতে মোমিনকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এই মামলাটি তদন্ত করছেন সিআইডি ইন্সপেক্টর নুরুল ইসলাম।
মাঈনুদ্দিনের রিমান্ডের আবেদনেও প্রায় একই ধরনের বক্তব্য আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক।
