ব্রিটেনে হেরোইন পাচারে বিডি ফুডের সহযোগী প্রতিষ্ঠান মালিকের স্বীকারোক্তী
বিডি ফুডের সহযোগী প্রতিষ্ঠান গ্রীন হেভেনের মালিক কাজী জাফর রেজা সোমবার জিজ্ঞাসাবাদে ব্রিটেনে ৫৪ কেজি হেরোইন পাচারের কথা স্বীকার করেছেন।
ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে তিনি এ কথা স্বীকার করেন।
ঢাকা সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট ননী গোপাল বিশ্বাসের খাস কামড়ায় গ্রীন হেভেনের মালিক কাজী জাফর হেরোইন পাচারে তার সম্পৃক্ততার কথা বলেন।
এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে ব্রিটেনে হেরোইন পাচারের তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, ‘বিডি ফুড’র চেয়ারম্যানের দেওয়া তথ্য মতে তদন্ত কর্মকর্তারা হেরোইন পাচারের সঙ্গে কোন মন্ত্রী অথবা এমপি অথবা রাজনীতিবীদ অথবা কোন সরকারি কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পায়নি।
তদন্তের ব্যাপারে কিছু প্রশ্ন করা হলে তিনি জানান, পাচারকারীরা ফল, সাবান এবং টুথপেস্টের ভিতরে ৭৫ কেজির বেশি হেরোইন পাচার করে।
তিনি বলেন, পাচারকৃত হেরোইন প্রথমে পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে আসে এবং পরে তা ব্রিটেনে পাচার হয়। এক্ষেত্রে বাংলাদেশ ট্রানজিট দেশ হিসেবে ব্যবহৃত হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কমপক্ষে তিনটি ভূয়া কোম্পানী বিডি ফুডকে তাদের ছাতা হিসেবে ব্যবহার করতো।
