২৩ মে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে নাগরিক সমাবেশ
২০০৪ সালের ২৩ মে ঢাকা-মাদারীপুর রুটে লঞ্চ দুর্ঘটনায় নিহত মায়েদের সন্তানেরা সোমবার নাগরিক সমাবেশে যোগদান এবং এ ধরনের দুর্ঘটনা রোধে জনগণকে সচেতন করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার পথে এমভি লাইটিং সান নামের লঞ্চটি ডুবে গেলে কমপক্ষে ২৫০ জন প্রাণ হারায়। দুর্ঘটনায় সময় লঞ্চটি ধারনক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ও মালামাল বহন করছিল বলে পরে জানা যায়।
রাজধানীর কেন্দ্র্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বিকেল পৌঁণে ৫টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দেশের বিভিন্ন নৌ দুর্ঘটনায় নিহত শত শত লোকের স্মরণে সভায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
লঞ্চ দুর্ঘটনায় নিহত আছিয়া খাতুনের ছেলে সুমন শামস ও মিলন আনন্দ বলেন, এ ধরনের দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ সবসময় দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দোষারোপ করে থাকে এবং কোনো দুর্ঘটনা ঘটার কয়েকদিন পর্যন্তই কেবল তাদের তৎপরতা লক্ষ্য করা যায়।
সুমন বলেন, নৌ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মতে লঞ্চটি ছিল ডি শ্রেণীর। তার মানে এটি চলার যোগ্য ছিল না। চলার যোগ্যতা না থাকার পরও লঞ্চটি কর্তৃপক্ষের নাকের ডগায় কিভাবে যাত্রার শুরু করেছিল, এ প্রশ্ন সুমনের।
তিনি বলেন, লঞ্চ মালিকরা ও তাদের লোকজন এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অনুপযুক্ত লঞ্চ চালাচ্ছে। আর কত প্রাণহানির ঘটনা ঘটার পর সরকার এ ধরনের দুর্ঘটনা এড়াতে আন্তরিক হবে তা আমরা জানি না।
আর যেন কারো প্রিয়জন এ ধরনের দুর্ঘটনায় প্রাণ না হারায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে নাগরিক সমাবেশে যোগদান করতে সুমন ও তার ভাই মিলন সর্বস্তরের জনগণ ও লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সকলের প্রতি আহ্বান জানান।
