জেএমবি সদস্য উদয়কে ২০ বছরের সশ্রম কারাদ-, সহযোগী আরিফ বেকসুর খালাস
২০০৫ সালের থার্টি ফাস্ট নাইটে রাজধানীতে বোমা বিস্ফোরণের জন্যে মিষ্টির প্যাকেটের উপর ফুল সাজিয়ে বোমা বহনের অভিযোগে জেএমবি সদস্য উদয়কে ২০ বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
অপরদিকে তার সহযোগী অপর আসামী আরিফকে বেকসুর খালাস দেওয়া হয়।
সোমবার ১৪ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমান গ্রহণ শেষে ঢাকার মহানগর ১২ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো: হেলাল চৌধুরী এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মাহফুজুর রহমান পাটোয়ারী।
মামলার বিবরণীতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর গোপণ সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর সদস্যরা মগবাজার চৌরাস্তার পাশে হোটেল সেবিকার সামনে থেকে ফুলের তোড়ার নীচে বোমার সরঞ্জাম বহন করার সময় জেএমবি সদস্য হাফেজ আহমেদ কাদের মাইনুদ্দীন উদয়কে গ্রেপ্তার করে। উদয় জানায় বোমার সরঞ্জামগুলো সে ইস্টার্ণ প্লাজার সুমন নামে এক ছেলেকে দেবে। পরে উদয়ের দেয়া তথ্যমতে ইস্টার্ণ প্লাজায় গেলে তাদের দেখে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। সে দাবি করে তার নাম আরিফ উদ্দিন আরিফ।
এ ব্যাপারে রমনা থানার এস আই জাহিদ হোসেন দুইজনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
