২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ পুলিশ গঠন করতে যাচ্ছে সরকার

ক্ষমতার শেষ পর্যায়ে এসে পুলিশ বিভাগ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে সরকার নৌ পুলিশ গঠন করার উদ্যোগ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠকে সিলেট মহানগর পুলিশ এবং বরিশাল মহানগর পুলিশ গঠনের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা পুলিশ অফিসারের একটি পদ সৃষ্টির ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, এএসপি পদমর্যাদার একজনকে উপজেলা পুলিশ অফিসার হিসেবে নিয়োগ করা হবে এবং তার অধীনে দুজন করে এসআই নিয়োগ দেওয়া হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মন্ত্রিপরিষদ সচিব ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ূমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মান্নান ভূঁইয়া জানান, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ২৬ হাজার ৩২৬ জন পুলিশ নিয়োগের বিষয়টিকে প্রাধান্য দিয়ে তারা পুলিশের প্রাতিষ্ঠানিক কাঠামো অনুমোদন করেছেন।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নে আরও সময় লাগবে।

দেশে বর্তমানে এক লাখ ১৭ হাজার ২২৪ জন পুলিশ সদস্য রয়েছে। এক হাজার ৬৫০ সাধারণ জনগণের বিপরীতে পুলিশ রয়েছে মাত্র এক জন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বীকার করেন যে, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে তিনি জানান।

বৈঠক সূত্র জানায়, ট্রাফিক পুলিশ বিভাগের উন্নয়নের লক্ষ্যে একটি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

মান্নান ভূঁইয়া বলেন, শান্তি রক্ষাকারী বাহিনীর মধ্যে দক্ষ চালক গড়ে তোলার প্রয়োজনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।