নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জে পুলিশের ক্রসফায়ারে সোমবার ভোরে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম সুমন ওরফে ফেন্সি সুমন (২৮)। সে মদনগঞ্জের টিক্কার মোড় এলাকার হোসেন খলিফার ছেলে।
পুলিশ জানায়, ৪৮ বোতল ফেন্সিডিলসহ সুমনকে রোববার দুপুরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
সুমনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য মদনগঞ্জে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সুমন পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
আশঙ্কাজনক অবস্থায় সুমনকে বন্দর থানা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত সুমনের বিরুদ্ধে একটি হত্যাসহ ৯টি মামলা রয়েছে।
