গাজীপুরে গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশের গুলি, নিহত ১, আহত ২০
ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের মাওনা ক্রসিং এলাকায় শনিবার গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশ গুলি বর্ষণ করলে কমপক্ষে একজন নিহত ও আরো ২০জন আহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, এসএস স্যুয়েটার্স কারখানায় শ্রমিকদের সাথে গত ১১মে এক সংঘর্ষে পুলিশের হাতে আটক শ্রমিকদের মুক্তির দাবিতে শনিবার দুপুর ১টার দিকে কারখানার শ্রমিকরা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের সহকর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেওয়ার সময় পুলিশ মিছিলকারীদের ওপর লঠিচার্জ করে।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গুলি ছোঁড়ে। এতে ১০/১২জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
গাজীপুরের পুলিশ সুপার আতিকুল ইসলাম পুলিশের গুলিতে একজন অজ্ঞাত যুবকের নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।
শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলে ৭/৮জন পুলিশ সদস্যও আহত হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা এখনো ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে। গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
