২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে ঢাবি রাষ্ট্রবিজ্ঞান অনার্স ফাইনালের রেজাল্ট শনিবারের মধ্যে প্রকাশিত হচ্ছে

পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষ সমাপনী পরীক্ষার রেজাল্ট শনিবারের মধ্যে প্রকাশ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

 বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারী শিক্ষার্থীদের এ ব্যাপারে আশ্বস্ত করেছে। বুধবার এক জরুরী বৈঠকে ঢাবি প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের দাবিতে কলা ভবন ভাঙচুর করে।

আন্দোলনের তৃতীয় দিনে বিভাগীয় ক্লাশ ও সকল ইনকোর্স, টিউটোরিয়াল পরীক্ষা বর্জন কর্মসূচি থাকলেও বিভাগীয় শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার পর বুধবার প্রথম বর্ষের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সকাল ১১টায় সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম তৃতীয় বর্ষের ক্লাশ নেন। শিক্ষার্থীরা ওই শিক্ষককে ক্লাশ না নেয়ার অনুরোধ জানালে তার সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কলা ভবনে মিছিল করে এবং ভাঙ্চুর চালায়। এ সময় তারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগের ক্লাশরুমসহ কলা ভবনের প্রায় ৫/৬ টি রুমের জানালা ভাঙচুর করে। তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নোটিশ বোর্ড ও জানালা ভাঙ্চুর করে। প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ এ সময় শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য অনুরোধ করেন।

পরে শিক্ষার্থীরা বৈঠকে তাদের দাবি দাওয়া পেশ করে অবিলম্বে রেজাল্ট প্রকাশের দাবি জানায়। উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক একে এম শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রক্টর আকা ফিরোজ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুণ - অর রশীদসহ বিভাগীয় শিক্ষকরা বৈঠকে উপস্থিত ছিলেন।  বৈঠক শেষে অধ্যাপক হারুণ - অর রশীদ শনিবারের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।    

মাস্টার্স ২০০০-২০০১ ব্যাচের শিক্ষার্থীরা জানায়, তাদের অনার্স পরীক্ষার পর ছয় মাস কেটে গেলেও এখনো ফলাফল তার রেজাল্ট প্রকাশিত হয়নি।