২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে হেরোইন পাচারের দায়ে বিডি ফুডস এর চেয়ারম্যান গ্রেপ্তার

যুক্তরাজ্যে হেরোইন পাচারের ঘটনায় সাথে জড়িত থাকার দায়ে বিডি পুডস এর চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনকে রোববার সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আদালতে বিডি ফুডস-এর ম্যানেজারদের একজন নাজমুল হায়দারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, রোববার সন্ধায় গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসভবনে গিযে তাকে গ্রেফতার করে।

গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্র নিশ্চিত করে।

এর আগে, নাজমুল হায়দার চৌধুরী এবং বিডিফুডস এর অপর এক কর্মচারী আদালতে ১৬৪ ধারায় চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার কথা জানায়।

তারা জানায়, বিডিফুডস এর উর্ধতন কর্মকর্তাদের নির্দেশেই তারা মতিঝিলের শাপলা চত্ত্বর ও উত্তরার মাসকাট প¬াজা এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে পাচারের জন্যে তৈরি করে।

চোরাচালানের সনাতন প্রথাগত পদ্ধতিতেই বিডি ফুডস এর এয়ারপোর্টের শিপমেন্ট ম্যানেজার নাজমুল হায়দার বুলবুল ও বিমান বন্দরের শ্রমিক মোকলেছুর রহমান নয়ন ২০০৪ সাল থেকে চলতি বছরের বিভিন্ন সময়ে দেশ থেকে হেরোইন পাচার করে আসছে বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করে।

তারা জানায়, বিডি ফুডসের একজন ঊধ্বতন কর্মকর্তার নির্দেশে মতিঝিলের শাপলা চত্ত্বর ও উত্তরার মাসকট প্লাজা এলাকা থেকে একজন পুরুষ ও দুই মহিলার কাছ থেকে তারা হেরোইন সংগ্রহ করে। তবে বুলবুল তাদের নাম জানেনা এবং এর আগে তাদের কখনও দেখেনি বলে জানায়।

ইউকে কাস্টমস ২০০৫ সালের ২০ মে সবজির নিচে এবং টিস্যু পেপার, কসমেটিকসের বাক্সে হেরোইন পাচারের দায়ে পাঁচটি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানকে দায়ী করে।

জাতীয় রাজস্ব বোর্ডের এক তদন্তে বিডি ফুডস লিমিটেড, এমদাদ ট্রেডার্স, জামিল ইন্টারন্যাশনাল, এমএম এন্টারপ্রাইজ এবং গ্রিন হ্যাভেন এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।