২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের শেষ ৬ মাসে র‌্যাবকে আরো সতর্ক হতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

আইন শৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক অবনতির প্রেক্ষাপটে সরকারের শেষ ছয় মাসে র‌্যাবকে আরো বেশি সতর্ক হতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র‌্যাব কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, র‌্যাবের প্রশিক্ষণসূচিতে সরকার মানবাধিকার বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত মাস থেকে রাজধানীসহ সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, গাড়ি চুরি বেড়েছে বলে স্বীকার করেন।

বাবর আরো বলেন, চার ঘন্টার বৈঠকে তারা র‌্যাবের পারফরম্যান্স, শৃঙ্খলা-বিশৃঙ্খলা, ব্যর্থতা এবং র‌্যাবের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করেছেন।

‘ক্রসফায়ার’কে মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করবেন কী-না- এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, বিষয়টি অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন না।

বৈঠক সূত্র জানায়, র‌্যাব কর্মকর্তারা তাদের কর্মকা-ের পরিসংখ্যান তুলে ধরেন। তারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করে, তারা এখন পর্যন্ত ২৯৫ জন জেএমবি সদস্যকে আটক করেছে।

সূত্র আরো জানায়, র‌্যাবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যদের জনগণের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া র‌্যাবের প্রশিক্ষণসূচিতে মানবাধিকার বিষয়টি অন্তর্ভুক্ত করার ব্যাপারে আলোচনা হয়েছে।

এছাড়া মোবাইল টেলিফোনের ফ্লেক্সিলোড সুবিধা ব্যবহার করে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে বলে আলোচনা হয়। র‌্যাবের গোয়েন্দা শাখাকে আরো শক্তিশালী করতেও বৈঠকে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, র‌্যাবের ডিজি এবং ১২টি ব্যাটেলিয়নের কমান্ডাররা বৈঠকে যোগ দেন।