২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত

 দেশের সাতটি শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে রোববার ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বাইরে পাঁচটি কেন্দ্রেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 10:40 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এছাড়া মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরী বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও একই দিনে শুরু হয়।

সাত বোর্ডের অধীনে এবার মোট চার লাখ ১৮ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষার প্রথমদিন ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অবতীর্ণ হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলে।

শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক পরীক্ষার প্রথম দিন বদরুন্নেছা কলেজ ও শহীদুল্লাহ কলেজ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে নকলের কোনো প্রয়াস নেই।

তিনি আরো বলেন, নকল প্রতিরোধে ঢাকার বাইরেও কেন্দ্রভিত্তিক ব্যবস্থা নেয়া হচ্ছে। এজন্যে স্থানীয়ভাবে মনিটরিং সেল রয়েছে।

তিনি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রেগুলোতে বিদ্যুতের সমস্যা যাতে না থাকে সেজন্যে আগেই ব্যবস্থা নেয়া হয়েছে। ফলে কেন্দ্রে বিদ্যুতের সমস্যা থাকছে না।                 

সাতটি শিক্ষাবোর্ডে মোট এক হাজার ১৭টি পরীক্ষা কেন্দ্রে দুই লাখ ৩৫ হাজার ৬৬৯ জন ছাত্র এবং এক লাখ ৮৩ হাজার দুইশ’ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৪২১টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫৬ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এছাড়া কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৮ হাজার ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ভারী যানবাহন চলাচল ও সভা--সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।