প্রয়োজনীয় শর্তের তোয়াক্কা না করে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়েই চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রয়োজনীয় শর্তের তোয়াক্কা না করে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে।
এ অবস্থার প্রেক্ষিতে, প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতোমধ্যে আটটি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করলেও বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন মঞ্জুরি শর্ত পূরণ করছে না।
বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এধরনের মনোবৃত্তির কারণে ফুঁসে উঠতে শুরু করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। তারা শিক্ষা প্রতিষ্ঠানটির তিনটি ক্যাম্পাসেই ব্যাপক ভাংচুর চালায়। খোদ উপাচার্য শিক্ষার্থীদের রোষানলে পড়েন।
তিনি তাৎক্ষনিকভাবে তাদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিতে বাধ্য হন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের সুপারিশ করেছে সেগুলো হচ্ছে সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়, আমেরিকান - বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, কুইন্স বিশ্ববিদ্যালয়, গ্রীন বিশ্ববিদ্যালয়, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বগুড়া।
সূত্র জানায়, বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। যার বেশিরভাগেরই নেই নিজস্ব ক্যাম্পাস, লাইব্রেরি, প্রয়োজনীয় ক্লাস রুম এবং শিক্ষার আধুনিক সুযোগ সুবিধা। মঞ্জুরী কমিশন এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ না থাকায় এগুলো বন্ধের সুপারিশ করে।
স্ট্যামফোর্ড ও দারুল - ইহসান বিশ্ববিদ্যালয়কে বন্ধের সুপারিশ করা না হলেও শিক্ষার আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা শনিবার বিক্ষোভে ফেটে পড়ে।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি, লাইব্রেরি, প্রয়োজনীয় বইসহ আধুনিক সুযোগ সুবিধার দাবি ও অতিরিক্ত ফিস আদায়ের প্রতিবাদে শনিবার প্রায় তিন ঘন্টা ধরে ভাঙ্চুর করে।
শিক্ষার্থীদের অভিযোগ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ১১ হাজার। শিক্ষার্থীদের জন্যে লাইব্রেরিতে প্রয়োজনীয় সংখ্যক বই নেই। এছাড়া সায়েন্স ফ্যাকাল্টির বিভাগগুলো যেমন- ফার্মেসী বিভাগে প্রয়োজনীয় ল্যাবরেটরি নেই। ফলে শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল ক্লাশ করতে পারছেনা।
এ ব্যাপারে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.এম আসাদুজ্জামান বিডিনিউজকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে সুযোগ সুবিধা দেয় তা পর্যাপ্ত নয়। এসব বিশ্ববিদ্যালয়গুলো পর্যাপ্ত সুযোগ না দিয়েই বিভিন্ন বিভাগ খোলার জন্যে মঞ্জুরী কমিশনের কাছে আবেদন জানায়। কিন্তু অনুমতি না দিলে বিভিন্ন পর্যায় থেকে চাপও আসে।
তিনি আরো বলেন, ফার্মেসী, বায়ো - টেকনোলোজি, ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রো - বায়োলোজি, সফট ওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যুগোপোযোগী বিভাগগুলো খোলার জন্যে তারা মঞ্জুরী কমিশনকে চাপ দেয়। যেহেতু এসব বিভাগ ল্যাব ভিত্তিক সে কারণে তারা এসব সাবজেক্টের জন্যে শিক্ষক, পর্যাপ্ত লাইব্রেরি, ল্যাবরেটরির ব্যবস্থা না করে শুধুমাত্র ব্যবসায়িক দিক বিবেচনা করে বিভাগগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে।
এম আসাদুজ্জামান জানান, এক্ষেত্রে স্ট্যামফোর্ড ৫০ জন শিক্ষার্থী নিয়ে ফার্মেসী বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়ে মঞ্জুরী কমিশনকে ল্যাবরেটরি দেখালে তখন কমিশন ফার্মেসী বিভাগ খোলার অনুমতি দেয়। কিন্তু, পরে তারা অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি করে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি পয়সা দিয়ে এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। কিন্তু এসব বিশ্ববিদ্যালয়গুলো শুধু তাদের ব্যবসায়িক দিকই বিবেচনা করে।
