বিদ্যুত সঙ্কটের কারণে চীনের টেক্সটাইল শিল্পের মজুরি বৃদ্ধি সুবিধার সুফল নিতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ
সম্প্রতি চীনের টেক্সটাইল শিল্পের শ্রমিক কর্মচারিদের মজুরি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশী রপ্তানিকারকদের জন্যে যে সুযোগ সৃষ্টি হয়েছে বিদ্যুত সঙ্কটের কারণে বাংলাদেশ সে সুযোগ গ্রহণ করতে পারছে না।
চীনের গুয়াংডং প্রদেশ চলতি বছরের ১ জুলাই থেকে ন্যুনতম মজুরি ১৭ থেকে ৪২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের টেক্সটাইল শিল্পের রপ্তানি প্রতিযোগিতাশীলতা আরো হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, চীনের মোট টেক্সটাইল রপ্তানির ৩১ দশমিক তিন শতাংশই করেছে এই গুয়াংডং প্রদেশ।
চীনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রস্তাবিত মজুরি বৃদ্ধির ফলে চীনের শিল্পাঞ্চল পার্ল রিভার ডেল্টার প্রস্তুতকারক ও ক্রেতাদের বাংলাদেশ, কম্বোডিয়া ও ভারতের মতো দেশগুলোর দিকে মনোযোগী হতে চাপ সৃষ্টি হবে।
নতুন মজুরি কাঠামোর অধীনে একজন শ্রমিক প্রতি মাসে আটশ’ থেকে একহাজার ইউয়ান পাবে। বাংলাদেশী মুদ্রায় যা ৬,৪০০ থেকে ৮,০০০ টাকার সমপরিমাণ।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি টিপু মুন্সী বিডিনিউজকে বলেন, চীনে উৎপাদন খরচ বৃদ্ধি ও ক্রমবর্ধমান শ্রমিক ঘাটতির ফলে বাংলাদেশের প্রস্তুতকারকদের জন্যে সুবিধাজনক হবে।
কিন্তু অব্যাহত বিদ্যুত সঙ্কটের কারণে এসব তুলনামূলক সুবিধা পাওয়া সম্ভব হবে না বলে তিনি জানান।
তিনি বলেন, প্রতিযোগিতা ধরে রাখতে স্বল্প লাভে আমরা ইতোমধ্যে সরবরাহের আদেশ নেয়া শুরু করেছি। এখন চীনে মজুরি ও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় তা আমাদের জন্যে ভালো খবর।
তিনি আরো বলেন, কিন্তু বিদ্যুত ঘাটতি ও অন্যান্য ক্ষমতার প্রতিবন্ধকতা থাকায় আমরা সুযোগের সুবিধা নিতে পারবো না।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, মজুরি বৃদ্ধির ফলে বাংলাদেশ অবশ্যই লাভবান হবে। কিন্তু সুবিধা পেতে হলে আমাদের সক্ষমতা বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে হবে।
বেতন বৃদ্ধির ফলে চীন সরকার রপ্তানিকারকদের ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছে। রপ্তানিকারকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের ফলে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে যাবে।
হংকং টেক্সটাইল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান উইল লিন সুনমোর উদ্ধৃতি দিয়ে চীনের এক সংবাদপত্রে বলা হয়েছে, চীন সরকারের উচিত ন্যুনতম মজুরি বৃদ্ধি বন্ধ করা। বেতন নির্ধারণের দায়িত্বটা বাজারের হাতে ছেড়ে দেওয়া উচিত।
তিনি বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার অর্থ কম্বোডিয়া, বাংলাদেশ ও ভারতের মতো এশীয় দেশগুলো চীনে জায়গা করে নিতে সক্ষম হবে।
হংকং শিল্প ফেডারেশনের ডেপুটি চেয়ারম্যান স্ট্যানলি লাউ বলেন, মজুরি বৃদ্ধির ফলে নিু মূল্যসংযোজক শিল্পের কিছু কারখানা চীনের শিল্পাঞ্চল পার্ল রিভার ডেল্টায় টিকে থাকতে পারবে না। তাদেরকে অন্য কোথাও সরে যেতে হবে।
