ঝিনাইদহ থেকে ৮ কেজি বিস্ফোরক ও বোমা তৈরির উপাদান উদ্ধার
ঝিনাইদহের পৌরসভা এলাকার ছিন্নমুল মানুষের পুনর্বাসন কেন্দ্র ‘ঝিনুকমালা’ থেকে ৮ কেজি বিস্ফোরক ও বোমা তৈরির উপাদান উদ্ধার করা হয়েছে। পুলিশ রোববার একথা জানায়।
এ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে--মদিনা খাতুন ও কালু নামের এক জনযুদ্ধ ক্যাডার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঝিনুকমালা আবাসন প্রকল্পের ঘরের মালিক মদিনা খাতুনের কাছ থেকে ১০টি পোটলায় রাখা সাত থেকে আট কেটি কেজি পরিমাণ বোমা তৈরির বিস্ফোরক ও বোমা তৈরির উপাদান উদ্ধার করে।
পুলিশ এই ঘর থেকে বস্তায় রাখা চরমপন্থি গোপন সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’র ৫শ’ বই ও ৩শ’ প্রচারপত্র উদ্ধার করেছে।
পুলিশ জানায়, জনযুদ্ধ ক্যাডার কালু রিক্সাচালকের ছদ্মবেশে কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’র কাজ করতো। আর মদিনা খাতুন জনযুদ্ধ ক্যাডার বিজয়ের মা।
কয়েকদিন আগে ঝিনাইদহ থেকে গ্রেপ্তারকৃত সোহেল রানা ও সিজান নামের দুই জনযুদ্ধ ক্যাডারের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঝিনুকমালা আবাসন প্রকল্প থেকে এসব বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করলো।
