২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জ সীমান্তে বিডিআর-বিএসএফের মধ্যে জটিলতার নিরসন হয়নি; সিদ্ধান্ত ছাড়াই ২য় পতাকা বৈঠক শেষ

শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সৃষ্ট জটিলতার নিরসন হয়নি। শুক্রবার বিকেলে কিরণগঞ্জ সীমান্তে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত পতাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

উভয় দেশের সীমান্তের ফাঁড়িগুলোতে বিএসএফ ও বিডিআরের অতিরিক্ত জনবল মোতায়েন থাকলেও শুক্রবার থেকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৬ রাইফেল ব্যাটালিয়নের সহঅধিনায়ক ক্যাপ্টেন নওরোজ। তিনি জানান, ঘরবাড়ি ছেড়ে যাওয়া লোকজন ফিরে এসেছে। বিডিআরের দেওয়া অতিরিক্ত নিরাপত্তার আওতায় সীমান্তবর্তী ক্ষেতগুলোতে বোরো ধান কাটা শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে কোম্পানি পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠক সম্পর্কে বিডিআরের সহঅধিনায়ক জানান, কিরণগঞ্জ সীমান্তে হোরোইনসহ আটককৃত ভারতীয় নাগরিক বিভীষণ সিংহকে বিএসএফ ছেড়ে দেওয়ার দাবি জানালে বিডিআরের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এক্ষেত্রে বিডিআরের কিছুই করার নেই। অনুরূপভাবে, বিএসএফ অপহৃত দুই বাংলাদেশির ব্যাপারেও একই প্রতিক্রিয়া জানালে মাত্র ৫ মিনিটের মধ্যেই কোনো সিদ্ধান্ত ছাড়াই পতাকা বৈঠক শেষ হয়।