২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সংখ্যালঘু পরিবারের বাড়ি, আশ্রম, মন্দির দখল করে মহাবিদ্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়েছে বিএনপি নেতা

কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমোরপুর গ্রামে এক প্রভাবশালী বিএনপি নেতা সংখ্যালঘু পরিবারের বাড়ি, মন্দির ও আশ্রম দখল করে সেখানে রাতারাতি ঘর তুলে মহাবিদ্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

জমিটির ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা অবস্থায় এই দখলের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেয়া এবং অব্যাহত হুমকির কারণে উচ্ছেদের শিকার পরিবারটি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমোর গ্রামের খুদিরাম বর্মণ বিপতিœক ও নিঃসন্তান অবস্থায় ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে মারা যায়। তার নিজের কোনো ভাই, ভাইয়ের ছেলে বা এ জাতীয় নিকট আত্মীয় না থাকায় হিন্দু আইন অনুযায়ী তার পিতামহ ভোলানাথ বর্মণের ভাইয়ের ছেলের নাতি গৌরাঙ্গ বর্মণ বাড়ি ঘর, মন্দির ও আশ্রমসহ ৪ একর ৭০ শতাংশ জমি উত্তারাধিকার সূত্রে পায়।

গৌরাঙ্গ বর্মণ জমি দখলে নিয়ে চাষাবাদ শুরু করে এবং চলতি বছরের জানুয়ারি মাসে ওই জায়গায় বাড়ি ঘর তুলে স্বপরিবারে বসবাস করতে থাকে।

এ অবস্থায় ভোগডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা আহসানুল ইসলাম রিন্টু মৃত খুদিরামের এক আত্মীয়ের মাধ্যমে একটি দলিল তৈরি করে ওই জমি দখলের চেষ্টা শুরু করে। গৌরাঙ্গ বর্মণ এ বিষয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আহসানুল ইসলাম রিন্টু কয়েক দিন আগে বাড়ি ঘর ভেঙে দিয়ে জমি দখল করে নেয়। এছাড়া জমিতে থাকা বিপুল পরিমাণ পাকা ধান তার লোকজন কেটে নেয়।

রিন্টু তার বাহিনী নিয়ে দখলকৃত জায়গায় রাতারাতি ঘর তুলে ‘ভোগডাঙ্গা মহিলা মহাবিদ্যালয়’  নামে অস্তিত্ববিহীন একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। সাইনবোর্ডে প্রতিষ্ঠাতা হিসেবে আহসানুল ইসলাম রিন্টুর নাম লেখা রয়েছে।

ঘটনার বিষয়ে শুক্রবার মোবাইল ফোনে অভিযুক্ত বিএনপি নেতা রিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জমিগুলো প্রকৃত শরিকদের কাছ থেকে কিনেছি এবং জেলা জজ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ হাইকোর্ট স্থগিত করেছেন। স্থানীয় জনগণের অনুরোধের প্রেক্ষিতে ‘ভোগডাঙ্গা মহিলা মহাবিদ্যালয়কে’ জমিগুলো দান করার প্রতিশ্রুতি দিয়েছি। এছাড়া জমিতে ধান আমি লাগিয়েছি, তাই কেটে নিয়েছি।