পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে নিহত ১, আহত ৭
পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর তেলিখালী গ্রামে শুক্রবার সকালে কালবৈশাখী ঝড়ে একজন বৃদ্ধ নিহত এবং সাতজন আহত হয়েছে।
নিহতের নাম হচ্ছে--মোহাম্মদ হামেদ তালুকদার (৭৫)।
এলাকাবাসী জানায়, বদরপুর গ্রামে সকাল ১০টার দিকে পাঁচ মিনিট স্থায়ী এই কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় বৃদ্ধ মোহাম্মদ হামেদ তালুকদার ঘটনাস্থলেই নিহত হয়।
তেলিখালী গ্রামে গাছের ডাল ভেঙ্গে পড়লে সাতজন আহত হয় । তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ঝড়ে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই ঝড়ে বিধ্বস্ত হয়েছে অর্ধশত কাঁচা ঘরবাড়ি।
