মানবাধিকারের ক্ষেত্রে হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে আইন বিশেষজ্ঞদের আহ্বান
দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হওয়াকে একটি অর্জন হিসেবে অভিহিত করে মানবাধিকার লঙ্ঘনে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি পুনুরুদ্ধারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দন মাহমুদ বিডিনিনিউজের সাথে আলাপকালে বলেন, মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে সরকারের জনগণের মানবাধিকার রক্ষা করার দায়িত্ব আরো বাড়লো।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন সকল প্রকার মানবাধিকার লঙ্ঘন এবং এ সংক্রান্ত সরকারের কর্মকা-ের বিরুদ্ধে জেনেভায় ইউএনএইআরসি- তে অভিযোগ করতে পারে।
যদিও অন্য সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের তুলনায় ভালো বলে ব্যারিস্টার রোকন উল্লেখ করেন।
তিনি বলেন, ওই দেশগুলোতে ক্রসফায়ার এবং নারীর ওপর সহিংসতার কোনো রেকর্ড নেই। বাংলাদেশে হামলা, মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের কর্মকা-ের প্রতিবাদ করতে গিয়ে জনগণের অধিকার লঙ্ঘিত হয়।
বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইডস কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জেডআই খান পান্না বলেন, বর্তমান মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি গত এক শতাব্দীর সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, সরকারের বৈষম্যনীতি এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও ছোট ছোট আদিবাসী জনগোষ্ঠী প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।
পান্না বলেন, সরকার ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে। বিনা বিচারে মানুষের ওপর হামলা চালানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। মিছিল সমাবেশে নারীদের ওপরও হামলা করা হচ্ছে।
পান্না বলেন, সরকারের আজ পর্যন্ত কালো আইন শত্রু সম্পত্তি আইন বাতিল করেনি।
তিনি বলেন, ৬৭টি গ্রামের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, দিনাজপুরের ফুলবাড়ির আদিবাসী সম্প্রদায় এবং পার্বত্যাঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের জনগোষ্ঠীকে সরকার কখন উচ্ছেদ করবে এখন তারা সে ভয়ে রয়েছে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বলেন, সরকারের কর্মকা-ের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি সঙ্কট সরকারকেই উদ্ধার করতে হবে।
তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার পরিষদে নির্বাচিত হওয়া জাতির জন্যে গৌরবময়। এটা মানবাধিকার কর্মী, সুশীল সমাজ, আইনজীবী এবং যারা দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন তাদের সকলের জন্যেই গর্বের বিষয়।
তিনি বলেন, মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে সরকারের জনগণের মানবাধিকার রক্ষার দায়িত্ব বেড়ে গেল।
