মোড়েলগঞ্জে পুলিশের এনকাউন্টারে দুর্ধর্ষ ডাকাত নিহত, ২ কনস্টেবল আহত, অস্ত্র উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জে বুধবার গভীর রাতে পুলিশের এনকাউন্টারে মহুবুর নামের দুর্ধর্ষ ডাকাত নিহত এবং টুকু (৩৫) ও রাজ বিহারী (৩৪) নামের দুই কনস্টেবল আহত হয়েছে। পুলিশ এসময় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।
নিহত ডাকাত মহুবরের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজীসহ পাঁচটি, রামপাল থানায় হত্যা মামলা ও কচুয়া থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মোড়েলগঞ্জ থানা পুলিশ আন্তঃনগর বিভাগীয় ডাকাত দলের সদস্য মোস্ট ওয়ান্টেট দেবরাজ গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে মহুবুর ওরফে মহিবুর ওরফে মাহাবুবকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার দিবাগত রাতে মহুবুরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ উপজেলার পশ্চিম বারইখালী গ্রামে অস্ত্র উদ্ধারের জন্য আসে। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাত সর্দার মহুবরের অপর সহযোগীরা ডিবি পুলিশ ও থানা পুলিশের উপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এনকাউন্টারে ঘটনাস্থলে মহুবর নিহত এবং কনস্টেবল টুকু ও রাজ বিহারী আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দেশী পাইপগান, ছয় রাউন্ড তাজা বন্দুকের গুলি, দুই রাউন্ড রাইফেলের গুলি ও ছয় রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করে।
নিহত ডাকাত মহুবুরের লাশ বৃহস্পতিবার ভোরে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে এস আই গৌতম মালাকার বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
