দাবি বাস্তবায়ন না হলে ডেমরা শ্যামপুরবাসী আবার আন্দোলনে নামবে
ডেমরা শ্যামপুরবাসীর পানি ও বিদ্যুতের দাবি বাস্তবায়ন না হলে আবার তারা আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছে ডেমরা শ্যামপুর পানি বিদ্যুৎ সংগ্রাম কমিটি। আগামী শুক্রবারের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার কথা।
ডেমরা শ্যামপুর পানি বিদ্যুৎ সংগ্রাম কমিটি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, দাবি বাস্তবায়নে যথযথ পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় জনগণ আবার বিক্ষুব্ধ হয়ে উঠছে।
সংগ্রাম কমিটির নেতারা জানান, স্থানীয় এমপি সালাহউদ্দিনের ভাড়া করা ক্যাডাররা এলাকায় পাহারা দিচ্ছে এবং এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা স্থানীয় লোকজনকে হুমকি দিচ্ছে।
সংগ্রাম কমিটির বিরুদ্ধে একটি পাল্টা কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসলেহউদ্দিন মাসুদ।
তিনি বলেন, ৫ মে’র ‘গণ-অভ্যুত্থানের’ পর সেনাবাহিনী এলাকায় পানি সরবরাহ করছে, কিন্তু তা পর্যাপ্ত নয়।
মাসুদ বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি সত্ত্বেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয়নি।
সংগ্রাম কমিটি জরুরি ভিত্তিতে তাদের দাবি বাস্তবায়ন এবং স্থানীয় জনগণকে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দাবি বাস্তবায়ন না হলে ডেমরা শ্যামপুরবাসী আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হবে বলে তারা জানান।
সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটি বেশ কিছু কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ মে পানি, বিদ্যুৎ ও গ্যাসের কারণে ভোগান্তির শিকার ডেমরা শ্যামপুর এলাকাবাসীর সাথে গণযোগাযোগ ও মতবিনিময় এবং ১৯ মে জনসমাবেশ।
