সিরাজগঞ্জে কাল বৈশাখী ঝড়ে নিহত ৩, আহত ৩০
সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া, বেলকুচি উপজেলায় কাল বৈশাখী ঝড়ে শিশুসহ তিন জন নিহত ও আহত হয়েছে। এ ছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিপুল সংখ্যক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত ও গাছ-পালা ভেঙ্গে গেছে।
বেলকুচি উপজেলার গাড়ামাশি গ্রামের মোহাম্মদ আলী (১২) নামে এক কিশোর ঘরের নিচে চাপা পড়ে ও তাড়াশ সাগুনা ইউনিয়নের দীঘি সাগুনা গ্রামের খোদা বক্স (৬৫) ও তফিজ উদ্দিন (৪৫) গাছের নিচে চাপা পড়ে নিহত হয়।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে জেলার বেলকুচি, তাড়াশ সাগুনা ইউনিয়ন এবং উল্লাপাড়া উপজেলার পুর্নিমাগাঁতী ও বড়হর ইউনিয়নের প্রায় ৩০টিরও বেশি গ্রামসহ পার্শ্ববর্তী ১০টি গ্রামে কাল বৈশাখী ঝড়ে চার শতাধিক কাঁচা ঘর-বাড়ি, কয়েকশত জমির উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গাছ-পালা ভেঙ্গে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তিনশো একর এলাকার জমির ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে।
