২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিডিআর-বিএফএফ-এর মধ্যে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে দুই বাংলাদেশী অপহরণ ও হেরোইনসহ এক ভারতীয় চোরাচালানীকে আটক করার ঘটনায় বিডিআর ও বিএফএফ--এর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

কিরনগঞ্জ সীমান্ত ফাঁড়ির ছয় রাইফেল ব্যাটেলিয়নের সহ-অধিনায়ক ক্যাপ্টেন নওরোজ জানায়, বিএসএফ গত ৮ মে চৌকা সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে দু’জন কৃষককে অপহরণ করে। এদিকে বিডিআর কিরণগঞ্জ সীমান্তে ভারতের সুকদেবপুর ক্যাম্প এলাকার দোস্ত বিঘী গ্রামের বিভিষণ সিংহ নামে এক চোরাচালানীকে আটক করে। এ ঘটনায় ভারি অস্ত্র ও অতিরিক্ত জনবলসহ বিএসএফ তাদের সীমান্ত এলাকায় এবং বিডিআর তাদের সীমান্ত ফাঁড়িতে অবস্থান নেয়।

এদিকে বিএসএফ বিডিআর-এর কাছে নিজ দেশের নাগরিককে ফেরত চাইলে বিডিআর প্রথমে দু’বাংলাদেশীকে ফেরত পাঠানোর দাবি জানায়। বিএসএফ তা নাকচ করে দিলে বিডিআরও ভারতীয় নাগরিককে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায়। ফলে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে সমঝোতার উদ্যোগ নিলে তা বাতিল হয়ে যায়।

এ ঘটনায় সীমান্ত এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।