ঝালকাঠী বিচারক হত্যা মামলা: মিথ্যা সাক্ষ্য দিলে হাঠে হাড়ি ভেঙ্গে দিব- শায়খের হুমকি
ঝালকাঠীতে দুই বিচারক হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে। শেষ দিনে তদন্তকর্মকর্তাকে উদ্দেশ্য করে শায়খ আবদুর রহমান হুমকি দিয়ে বলেছেন আদালতে সত্যকথা বলেন, মিথ্যা সাক্ষ্য দিলে হাটে হাড়ি ভেঙ্গে দিব। আমি চাইনা হাটে হাড়ি ভেঙ্গে দিতে, রহস্য উন্মোচন হয়ে যাবে, কেউই রেহাই পাবেনা।
শেষ দিন সাক্ষ্য গ্রহণের সময় জেএমবি শীর্ষনেতা শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড বাংলাভাই, আবদুল আউয়াল, আতাউর রহমান সানি, খালিদ সাইফুল্লাহ, ঘাতক মামুন এবং সুলতানকে আদালতে হাজির করা হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা তারিক তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তা মুন্সী আতিকুর রহমান সাক্ষ্য প্রদানকালে আদালতকে জানান ৮ ডিসেম্বর মামলার তদন্তভার গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে সাক্ষীপ্রমানান্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রকাশ্য আদালতে বিচারের জন্যে চার্জশিট প্রদান করেন। তার সাক্ষ্য গ্রহণ শেষে স্টেট ডিফেন্স আইনজীবীর প্রশ্নে তিনি জানান, আসামী সুলতান ঘটনার আগে আসামীদের সঙ্গে কোনো বৈঠকে ছিলো না। বাসাটি ভাড়া দেওয়ার জন্যে কেয়ারটেকার হাসিনা সুলতানকে বলেছিল কিনা তা তার জানা নেই। স্টেট ডিফেন্স তদন্ত কর্মকর্তাকে কষ্ট করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করে জেরা শেষ করেন।
এরপর আসামী খালেদ সাইফুল্লাহ এর জেরার প্রশ্নে তদন্তকারী কর্মকর্তা জানান, এটা কোনো রাজনৈতিক মামলা নয়। এ মামলার চার্জশিট তিনি নিজেই তৈরি করেছেন। তিনি আরো জানান, খালেদ সাইফুল্লাহ ইতোপূর্বে বগুড়ার চকসূত্রাপুর নামক স্থানের একটি যাত্রামঞ্চেও বোমা হামলা করেছে। খালেদ সাইফুল্লাহ মুক্তাগাছার মিটিং-এ না থাকলেও ঢাকা বাসাবোর পাটোয়ারী বিল্ডিং এর বৈঠকে ছিল। এর কোনো রেকর্ড বা প্রমাণ আছে কিনা জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জানান, আসামী আউয়াল ও সানি জবানবন্দিতে এ কথা বলেছে। ১৬১ এবং ১৬৪ ধারায় তাদের এ জবানবন্দি নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এ সময় খালেদ বলে, সানিকে শারীরিক নির্যাতন করে জোরপূর্বক জবানবন্দি নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এসময় সানি জামা খুলে আদালতে তার পিঠে কালো দাগ দেখিয়েছে।
তখন তদন্ত কর্মকর্তা বলেন, জবানবন্দি নেয়ার সময় সানি টিএফআই এর হেফাজতে ছিল। নির্যাতনের কথা তার জানা নেই। তখন শায়খ প্রশ্ন করে, তাহলে এ নির্যাতন টিএফআই করেছে। তদন্ত কর্মকর্তা বলেন, তা আমি জানিনা।
খালেদ সাইফুল্লার এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা জানান, বরিশাল লাল দিঘীরপাড়ে যে মেহেদী বাসা ভাড়া করেছে তার কোনো ঠিকানা পাওয়া যায় নাই। আউয়াল তার বক্তব্যে বলে, তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে শায়খ ও বাংলা ভাই এই বোমা হামলার নির্দেশদাতা নয়। কারণ বাংলা ভাই শূরা সদস্য। সে নির্দেশ দেওয়ার কেউ না। এছাড়াও আউয়াল বরিশালের বৈঠকে ছিলো না বলে সে দাবি করে। এর পর শায়খ তার জেরায় বলে, সানির মূল বক্তব্যকে ছয়বার পরিবর্তন করে বিভ্রান্তিমূলক স্বীকারোক্তি প্রচার মাধ্যমে প্রচার করা হয়েছে। তদন্ত কর্মকর্তাকে শায়খ প্রশ্ন করে, কার নির্দেশে তা করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, তা আমি জানিও না করিও নাই।
শায়খ তদন্ত কর্মকর্তার কাছে আরো জানতে চাই, সানিকে নির্যাতন করে বাংলা ভাইকে এই মামলায় জড়ানো হয়েছে কার নির্দেশে। আমি চাইনা হাটে হাড়ি ভেঙ্গে দিতে। হাড়ি ভেঙ্গে রহস্য উন্মোচন করে দেবে। কেউ রেহাই পাবেন না।
বাংলা ভাই তার জেরায় বলে, আমি বা আমার পূর্ব পুরুষ কেউ এর আগে বরিশাল আসিনি। এই প্রথম বরিশালে এসেছি। বরিশালে বৈঠকে আমার থাকার প্রশ্নই আসে না।
বাংলা ভাই হেসে বলে, তদন্ত কর্মকর্তার নাম মুন্সী, মুন্সী মানেই রচনাকারী। আপনি আমাদের নামে মিথ্যা রচনা তৈরি করেছেন। আপনার নামের সাথে কাজের মিল আছে।
এসময় তদন্ত কর্মকর্তা সাক্ষীর কাঠগড়া থেকে নেমে ক্ষিপ্ত হয়ে বলেন, আপনারা মানুষ খুন করবেন, আর আমরা বসে থাকব।
একথার প্রতি উত্তরে শায়খ বলে, আপনারা আমাদের খুন করতে বাধ্য করেছেন। এসময় আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে উঠলে বিচারক দ্রুত এজলাশ ত্যাগ করেন।
আগামী ১৫ মে এ মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে। ওইদিন সাক্ষীদের সম্পর্কে আসামীদের পৃথক পৃথক জবানবন্দি নেয়া হবে। এ মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য নেয়া হল।
