২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটামুক্ত বিশ্বে যুক্তরাষ্ট্র ও ইইউ’র বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সীমিত হওয়ার আশঙ্কা ছিল অতিরঞ্জিত: এডিবি

মাল্টিফাইবার এগ্রিমেন্ট (এমএফএ) পরবর্তী সময়ে অর্থাৎ পোশাক শিল্প থেকে কোটা ব্যবস্থা বিলুপ্ত হওয়ার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার সীমিত হয়ে যাবে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, তা অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত ছিল বলে মন্তব্য করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

২০০৫ ও ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ও ইইউ’তে বাংলাদেশের পোশাক রপ্তানির ধরন দেখে এডিবি বাংলাদেশের ওপর তার প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক হালনাগাদ (কোয়ার্টারলি ইকোনোমিক আপডেট) প্রতিবেদনে এ মন্তব্য করেছে।

তবে এডিবি ধারণা করছে, কোটা ব্যবস্থার বিলুপ্তির প্রভাবে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ মধ্য মেয়াদে ধস ও  দীর্ঘ মেয়াদে অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে। ২০০৮ সাল থেকে পরবর্তী সময়ে চীনের জন্যে যখন বিদ্যমান ক্ষণস্থায়ী নিরাপত্তামূলক কোটা ব্যবস্থা শেষ হয়ে যাবে, তখন এটি আরও স্পষ্ট হয়ে উঠবে।

এডিবি বলেছে, প্রতিযোগী এশীয় উৎপাদনকারীদের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি ও বাজার প্রবেশাধিকার বৃদ্ধি পাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যতে তাদের সম্ভাবনা অনুকূল বলেই মনে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এশীয় সরবরাহকারীদের কাছে আগামী দুই--তিন বছর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র ও পিআরসি’র মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা চুক্তি। এবং এর আওতায় ২১ ক্যাটাগরির পোশাক ও পোশাকসামগ্রী আমদানির ওপর নতুন পরিমাণগত সীমাবদ্ধতা নিয়ে সমঝোতায় সফলতা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তার রপ্তানির পরিমাণ ও মূল্য ইতিবাচকভাবে বাড়ানোর ধারা বজায় রাখতে সফল হয়েছে। সেখানে বাংলাদেশের রপ্তানি ও রপ্তানি থেকে আয় বেড়েছে যথাক্রমে ১৯ ও ২০ শতাংশ। অবশ্য ইইউ’র বাজারে রপ্তানি ও রপ্তানি আয়ের ক্ষেত্রে কিছুটা নিুগতি লক্ষ্য করা গেছে। সেখানে রপ্তানির পরিমাণ ও রপ্তানি আয় কমেছে যথাক্রমে ১ দশমিক ২ শতাংশ ও ৬ দশমিক ৪ শতাংশ।

এডিবি পরামর্শ দিয়ে বলেছে, এশীয় উৎপাদনকারীদের উচিত, দোহা রাউন্ডের সফল পরিসমাপ্তি সমর্থন করে অভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং ইইউ, জাপান ও যুক্তরাষ্ট্রে বাজার প্রবেশাধিকারের জন্যে পণ্যের মানোন্নয়নে কাজ করা।

ব্যাংকটি বলেছে, উৎপাদন শেয়ার নেটওয়ার্কের দক্ষতার উন্নয়নের ক্ষতি এড়াতে ব্যবসায়ী সমঝোতাকারীদের উচিত হবে সহজ ও সামঞ্জস্যপূর্ণ রুলস অব অরিজিন গ্রহণের চেষ্টা করা। বিশ্ব বাজারে এশীয় সরবরাহকারীদের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হবে বলে এর প্রতিবেদনে বলা হয়েছে।

ওই ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে উল্টো ঘটলেও কোটা ব্যবস্থা নির্মূল হয়ে যাওয়ায় বাজার শেয়ারের সামগ্রিক সম্প্রসারণ ঘটেছে। তবে কোটা ব্যবস্থা উঠে যাওয়ায় বিশ্ব পোশাক শিল্পের বাজার ক্রমেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। আর গত এক দশকের বেশি সময় ধরে পোশাক রপ্তানি মোট রপ্তানি ও প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।