ঢাকা সিটি মেয়র, আইজিপিসহ ৬ জনের বিরুদ্ধে হাইকোর্টের আদালত অবমাননার রুল জারি
হাইকোর্ট সোমবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আব্দুল কাইউমসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। জমি সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের একটি আদেশ অমান্যের অভিযোগে তাদের বিরুদ্ধে এ রুল জারি করা হয়।
জনৈকা মনোয়ারা বেগমের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদালতের আদেশ অমান্য করার কারণে বিবাদীদের কেন আদালত অবমাননার দায়ে শাস্তি প্রদান করা হবে না-- এ মর্মে কারণ দর্শাতে বলেন।
বিবাদী অপর চারজন হলেন-- ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, ওসমানী উদ্যান সৌন্দর্যবৃদ্ধিকরণ প্রকল্পের ঠিকাদার আনোয়ার হোসেন এবং ঢাকা সিটি করপোরেশনের সহকারী ভূমি কর্মকর্তা আবু কাওসার।
হাইকোর্ট ২২ মে সশরীরে বেঞ্চের সামনে উপস্থিত থেকে রুলের ব্যাপারে তাদের অবস্থান জানাতে উক্ত অভিযুক্তদের নির্দেশ দিয়েছেন।
২০০১ সালের ২৪ মে সরকার ওসমানী উদ্যানের জমিতে একটি পাঁচতারকা হোটেল, বাণিজ্য ভবন ও অন্যান্য ভবন সংক্রান্ত প্রকল্প নির্মাণ করার অনুমোদন দেয়। সংবাদপত্রের প্রতিবেদনের ওপর ভিত্তি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একই বছরের ২৬ জুন প্রকল্পটি বাতিল করে দেয়।
পল্লবীর অ্যাডভোকেট এমএ খালেকের স্ত্রী মনোয়ারা বেগম ওসমানী উদ্যানের উত্তর-পূর্ব কোণের ২ দশমিক ৮২ একর জমির মালিকানা দাবি করেন এবং তিনি প্রকল্প বাতিল করার সরকারি আদেশের বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০০১ সালের ৮ জুলাই হাইকোর্টের একটি রিট আবেদন দায়ের করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট প্রকল্প বাতিলের নির্দেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে সরকারের বিরুদ্ধে একটি রুল জারি করেন।
হাইকোর্ট স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে ২০০১ সালের ১৬ জুলাই রুল জারি করেন এবং ওসমানী উদ্যানের জমি রক্ষা ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জমির প্রকৃতি ও ধরনের বিদ্যমান অবস্থা বজায় রাখতে আইজিপিকে নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশের ১০ দিন পর (২৬ জুলাই ২০০৫) রমনা থানা পুলিশ আইজিপির পক্ষে মনোয়ারা বেগমের কাছ থেকে জমির মালিকানা নিয়ে নেয়।
২০০৬ সালের ২৬ এপ্রিল রুলের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন রিট আবেদন ও স্বতঃপ্রণোদিত রুলের রায়ের তারিখ ৯ মে ধার্য করেন।
মনোয়ারা বেগম সোমবার হাইকোর্টে অবমাননার আবেদন দায়ের করেন। আবেদনে তিনি বলেন, রায়ের জন্য আদালতে রুল অপেক্ষমান থাকলেও ডিসিসি মেয়রের নির্দেশে ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম,আনোয়ার হোসেন ও আবু কাওসার উদ্যানে অবস্থিত দ্বিতল ভবন চলতি বছরের ২৯ মার্চ ভবন তালাবদ্ধ করে রাখেন এবং ২১ এপ্রিল রাতে বাউন্ডারির তারের বেড়া সরিয়ে ফেলে।
তিনি বলেন, ২৭ এপ্রিল তারা বুলডোজার দিয়ে দ্বিতল ভবন, গোডাউন ও দু’টি আধাপাকা ভবন ভেঙ্গে ফেলেন এবং ২ দশমিক ৫৯ কোটি টাকার মূল্যমানের মালামাল ও উপকরণ লুট করেন। পরের দিন সকালে তারা ভবনের সকল কাঠামো গুঁড়িয়ে ফেলে এবং জমির উত্তর থেকে দক্ষিণ দিকে একটি খাল খনন করে বলে রিট আবেদনকারী অভিযোগ করেন।
ব্যারিস্টার রফিকুল হক, অ্যাডভোকেট এমকে রহমান ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম রিট আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।
