বর্তমান সরকারের আমলে ১ হাজার ২৩৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে- সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এপ্রিল মাস পর্যন্ত মোট ১ হাজার ২৩৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করেছে। এর মধ্যে চলতি বছরের চার মাসে ইস্যু হয়েছে ৭৫টি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান।
জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদেরের এক প্রশ্নের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, ২০০২ সালে ১৫২টি, ২০০৩ সালে ১৫৯টি, ২০০৪ সালে ৫২৪টি ও ২০০৫ সালে ৩২৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়।
জামাতের সৈয়দ আব্দুললাহ মোহাম্মদ তাহেরের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।
এসব ব্যবস্থার কারণে ২০০৫ সালে বিভিন্ন সংস্থা ও বাহিনীর সদস্যরা মোট ১ লাখ ২ হাজার ৩৪৫টি অভিযান চালিয়ে প্রায় ৭০৭ কোটি ৭৫ লাখ টাকার মালামাল আটক করেছে। এছাড়াও এসব ঘটনায় মোট ৮ হাজার ৩২৬ জনকে আটক করা হয়েছে।
বিএনপি’র অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের বিভিন্ন কারাগারে বসবাসরত কয়েদীদের মানবিক জীবনযাপনের জন্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
এছাড়াও সরকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরে একটি মহিলা কারাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এগুলো বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।
