ঢাকা সিটি মেয়র, আইজিপি ও আরো ৪ জনের বিরুদ্ধে হাইকোর্টের আদালত অবমাননার রুল জারি
হাইকোর্ট সোমবার ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) আব্দুল কাইউম এবং আরো চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। জমি সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের একটি আদেশ অমান্যের অভিযোগে তাদের বিরুদ্ধে এ রুল জারি করা হয়।
জনৈকা মনোয়ারা বেগমের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আদালতের আদেশ অমান্য করার কারণে বিবাদীদের কেন আদালত অবমাননার দায়ে শাস্তি প্রদান করা হবে না-এ মর্মে কারণ দর্শাতে বলেন।
বিবাদী অপর চারজন হলেন- ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম, রমনা থানার ওসি মাহাবুবুর রহমান, ওসমানী উদ্যান সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্পের ঠিকাদার আনোয়ার হোসেন এবং ঢাকা সিটি করপোরেশনের সহকারী ভূমি কর্মকর্তা আবু কাওসার।
