২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ

চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে দেশের মোট রপ্তানি ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭,৫১৭ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ওভেন পোশাক ও নিটওয়্যার খাতের রপ্তানি উচ্চবৃদ্ধির কারণে দেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। গৃহসামগ্রী, চা ও হস্তশিল্প ছাড়া দেশের পুরো রপ্তানিযোগ্য পণ্যের রপ্তানি বেড়েছে।

চলতি ২০০৫--০৬ অর্থবছরের প্রথম নয় মাসে ওভেন পোশাকের রপ্তানি গত অর্থবছরের একই সময়ের রপ্তানির চেয়ে ১০ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯৬৫ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

নিটওয়্যার সামগ্রীর রপ্তানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ খাতে বৃদ্ধি পেয়েছে ৩০ দশমিক ৮০ শতাংশ। চলতি অর্থবছরের উল্লেখিত সময়ে এ খাত থেকে আয় হয়েছে ২৬৮৩ মিলিয়ন মার্কিন ডলার।

ইপিবি কর্মকর্তারা জানান, চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কারণে এমএফএ পরবর্তী সময়ে ওভেন পোশাকের রপ্তানি প্রথমবারের মতো ১০ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

কাঁচা পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। এ দু’টি খাত থেকে উল্লেখিত সময়ে আয় হয়েছে যথাক্রমে ১১৪ ও ২৬৯ মিলিয়ন মার্কিন ডলার।

হিমায়িত খাদ্য রপ্তানি বেড়েছে তিন দশমিক ২৫ শতাংশ। আর তাতে আয় হয়েছে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার।

চামড়া ও জুতা রপ্তানি এ সময়ে যথাক্রমে ১৪ দশমিক ৫০ শতাংশ ও ১৯ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এ দু’টি খাত থেকে আয় হয়েছে যথাক্রমে ১৮২ ও ৭৫ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।

ইলেক্ট্রনিক্স, রাসায়নিক পণ্য, সিরামিক টেবিলসামগ্রী ও প্রকৌশল পণ্যের রপ্তানি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেলেও লক্ষ্যমাত্রা পূরণে এ খাত ব্যর্থ হয়েছে।

গত অর্থবছরের তুলনায় চলতি অর্র্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে মোট রপ্তানির সূচক ৩৩ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেলেও এ সময়ে মূল্যসূচক কমেছে তিন দশমিক ৮১ শতাংশ।