রূপপুর পারমাণবিক শক্তি প্রকল্প বাস্তবায়নে চীনের সাহায্য চাইবে সরকার
পাবনার ঈশ্বরদীতে বহুল প্রতিক্ষীত রূপপুর পারমাণবিক শক্তি প্রকল্প (আরএনপিপি) বাস্তবায়নে সরকার চীনের কাছে সহজ শর্তে ঋণ চাইবে। কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, চীন সরকারের কাছে পাঠানোর জন্য ইআরডি ইতোমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে।
ইআরডি সচিব ইসমাইল জাবিউল¬াহ এ সপ্তাহের মধ্যে প্রস্তাবনাটি চূড়ান্ত করবেন বলে সূত্র জানায়।
খসড়ায় বলা হয়েছে, দেশের চলমান বিদ্যুত সঙ্কট মোকাবেলায় রূপপুর পারমারণবিক শক্তি প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সরকার চীনের সহযোগিতা চায়।
বিদ্যুতের চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধির ফলে পর্যাপ্ত বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে ১৯৬১ সালে প্রথম প্রকল্পটি গ্রহণ করা হয়। স্বাধীনতার আগে বেলজিয়াম, কানাডা, যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের বিভিন্ন কোম্পানি প্রকল্পটি বাস্তবায়নে প্রস্তাব পেশ করে। তারা বেশ কিছু জরিপের মাধ্যমে প্রকল্পটির প্রযুক্তগত--অর্থনৈতিক উপযোগিতার দিক যাচাই করে ওই প্রস্তাব পেশ করে।
সরকার ওই সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রকল্প ও আবাসিক এলাকা গড়ে তুলতে যথাক্রমে ১০৫ দশমিক ৩০ ও ১২ দশমিক ১৫ হেক্টর জমি অধিগ্রহণ করে। কিন্তু পাকিস্তান সরকারের অনীহার কারণে প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। তবে রূপপুরের জন্যে প্রস্তাবিত কানাডীয় সরকারের প্রকল্পটি শেষ পর্যন্ত পাকিস্তানের করাচিতে বাস্তবায়ন করা হয়।
সারাদেশে চলমান ব্যাপক বিদ্যুত সঙ্কটের কারণে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্র্র্র্দিষ্ট প্রস্তাব পাওয়ার পর ইআরডি এখন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বলে সূত্র জানায়।
বাংলাদেশ ও চীনের মধ্যে ২০০৫ সালের ৭ এপ্রিল স্বাক্ষরিত কাঠামো চুক্তিকে ব্যবহার করে বাংলাদেশে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার জন্যে ঢাকা বেইজিংয়ের দ্বারস্থ হচ্ছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৫ সালের আগস্টে তার সর্বশেষ চীন সফরকালে আরএনপিপি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও প্রকল্প বাস্তবায়নে বেইজিং সরকার বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী জিয়াবাও তখন বলেন, ব্যাপক বিদ্যুত সঙ্কটের কারণে বাংলাদেশ যে সমস্যার মুখোমুখি হচ্ছে তা চীন কর্তৃপক্ষকে তার সরকার অবহিত করবে।
ঘন্টা প্রতি বাংলাদেশের গড় বিদ্যুত খরচ হচ্ছে ১৪০ কিলোওয়াট। অথচ এশিয়া ও সারা বিশ্বের গড় বিদ্যুত খরচ প্রতি ঘন্টায় যথাক্রমে ৬৫০ ও ২,৫০০ কিলোওয়াট।
২০০৫ সাল পর্যন্ত সারা বিশ্বে অনুমতিপত্রপ্রাপ্ত পারমাণবিক শক্তি চুল্লি ছিল ৪৪৩টি। অবশ্য বর্তমানে ৩১টি দেশে ৪৪১টি পারমাণবিক চুল্লি সচল রয়েছে। সব মিলিয়ে চুল্লিগুলো বিশ্বের মোট বিদ্যুতের চাহিদার ১৭ শতাংশ বিদ্যুত উৎপাদন করতে সক্ষম।
একটি পারমাণবিক শক্তি ইউনিট সাধারণত ৪০ থেকে ১,০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে পারে। আর প্রস্তাবিত রূপপুর পারমাণবিক শক্তি প্রকল্প ৬০০ থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে পারবে বলে আশা করা হচ্ছে।
