বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ ছাত্রলীগ কর্মী আহত
বগুড়ার শহরতলীর আকাশতারা এলাকায় শনিবার বিকেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাবিবুর রহমান মিজু ও মিজানুর রহমান মিজান নামে দু’ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকায় শহরে ফুলবাড়ি এলাকার বিপু নামে একজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে শহরতলীর সাবগ্রাম এলাকার মতিয়ার রহমানের ছেলে মিজু ও আনিসার রহমানের ছেলে মিজান রিকশায় শহর থেকে বাড়িতে ফিরছিলেন। তারা আকাশতারা এলাকায় ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে পৌঁছলে তাদের পথরোধের পর ছুরিকাঘাত করা হয়। আটক বিপু জানিয়েছে, রনি নামে এক যুবক তাদের ছুরিকাঘাত করার জন্য তাকে ভাড়া করে।
