২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি নিয়ে প্রশ্ন করায় মুফতি আমিনীর হাতে নিগৃহীত হলেন কক্সবাজারের এক ইসলামী ঐক্যজোট নেতা

নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ব্যাপারে প্রশ্ন করায় কক্সবাজারের চকরিয়ায় ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনীর হাতে নিগৃহীত হলেন দলের চকরিয়া পৌর কমিটির যুগ্মসম্পাদক মাওলানা আইয়ুব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

শনিবার সন্ধ্যায় চিরিঙ্গা মুহিচ্ছুন্নাহ এবতেদায়ী মাদ্রাসায় অনুষ্ঠিত দলীয় এক সভায় এ ঘটনা ঘটে। এতে মুফতি আমিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা যায়, মুফতি আমিনী স্থানীয় নেতা মাওলানা আইয়ুবকে জেএমবির সদস্য বলে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে স্থানীয় অন্যান্য নেতাদের হস্তক্ষেপে তা থেকে নিষ্কৃতি পান মাওলানা আইয়ুব।

বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, ওই সভা চলাকালে মাওলানা আইয়ুব মুফতি আমিনীর কাছে জানতে চান, দেশে ইসলামী আইন বাস্তবায়ন হচ্ছে না কেন ? সারা দেশে জেএমবি ইসলামকে ছোট করেছে, অপমান করেছে। জেএমবির বিরুদ্ধে আপনাদের তথা আপনাদের দলের কোনো ভূমিকা নেই কেন ? এ প্রশ্ন করার সাথে সাথে আনোয়ার নামে এক নেতা তাকে মাথায় চড় দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় মুফতি আমিনী মাওলানা আইয়ুব দলের কোন পদে আছে জেনে নেন এবং পরে মাওলানা আইয়ুবকে জেএমবির সদস্য বলে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এ সভায় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের নেতা আল্লামা সাঈদ আবদুল মোমিন, মুফতি ওয়াজেদ এমপি, দলের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নিজামী প্রমূখ।

এদিকে ইসলামী ঐক্যজোটের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ ছালামত উল্লাহর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই নেতা কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছিলেন। এতে সভায় উপস্থিত নেতা--কর্মী তাকে জেএমবি বলে পুলিশে ধরিয়ে দেওয়ার দাবি তোলেন। কিন্তু কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে তার সমাধান হয়ে যায়।