নাসরীন হকের মৃত্যু: দুর্ঘটনাস্থলে মোটর প্যারেড করেছে পুলিশ
রহস্যজনক গাড়ি দুর্ঘটনায় ২৪ এপ্রিল নিহত অ্যাকশনএইডের আবাসিক পরিচালক নাসরীন হকের মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশ শনিবার বিকেলে ঘটনাস্থলে মোটর প্যারেড করেছে।
ধানমন্ডির নিজ বাসভবনে দুর্ঘটনায় নিহত নাসরীন হকের মৃত্যুর আসল কারণ উদঘাটন করতে পুলিশ বৃহস্পতিবারও একটি মোটর প্যারেড করে।
সূত্র জানায়, নাসরীন হকের গাড়িচালক জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের পর তার মৃত্যুকে ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে।
সূত্র জানায়, ডিসি শহীদুল ইসলামের নেতৃত্বে ডিটেক্টিভ ব্রাঞ্চের কর্মকর্তারা গাড়ির আঘাতে নিজ বাসভবনের যে স্থানটিতে নাসরীন হক নিহত হয়েছিলেন, সেখানে মোটর প্যারেড মঞ্চায়ন করা হয়।
সূত্র জানায়, মোটর প্যারেডের সময় ডিবির এসি আখতার হোসেন রুনু গাড়িটি চালান। এসময় অ্যাকশনএইডের আবাসিক পরিচালকের গাড়িচালক জাকির হোসেন তার পাশে বসেছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রথম মোটর প্যারেডের পর নাসরীন হকের মৃত্যু সম্পর্কে আমাদের সন্দেহ ঘনীভূত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আমরা আরো একটি মোটর প্যারেড মঞ্চায়িত করেছি।
পুলিশ সূত্র জানায়, জাকিরকে জিজ্ঞাসাবাদের সময় তার দেওয়া বক্তব্যে কিছুটা গড়মিল ধরা পড়েছে।
সূত্র জানায়, গাড়িচালক চেষ্টা করলে নাসরীন হক প্রাণে বেঁচে যেতেন।
নাসরীন হকের মৃত্যুর এক সপ্তাহ পর পুলিশ রাজধানীর পল্লবী এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে। পরে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়।
