২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্রীকে যৌন হয়রানি: উপাচার্য, প্রক্টর অবরুদ্ধ, রোববার ধর্মঘট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিভাগীয় শিক্ষকের স্থায়ী অপসারণের দাবিতে শনিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পাঁচঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় ক্যাম্পাস ছিল মিছিলে উত্তাল। রোববার উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে হরতাল আহ্বান করেছে।  

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক নূরুল আমিনের স্থায়ী অপসারণের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা শনিবার সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিভাগের সামনে সমাবেশে মিলিত হয়। ওই একই ভবনে প্রাণীবিদ্যা বিভাগের নবীণবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য ড. অধ্যাপক আলতাফ হোসেন উপস্থিত হন। সেখান থেকে উপাচার্য বের হয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ভবনের গেটে তালা মেরে দেন। এ ঘটনা শুনে প্রক্টর এনামূল হক উপাচার্যকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে আসলে উপস্থিত শিক্ষার্থীরা তাকেও অবরুদ্ধ করে রাখে।

দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘৫৪৪’ সিরিজের কর্মচারিরা শিক্ষার্থীদের ওপর হামলার পরিকল্পনা করতে থাকলে সাংবাদিকদের সহযোগিতায় ছাত্র উপদেষ্টার মাধ্যমে বিষয়টি উপাচার্যকে জানানো হলে সে পরিকল্পনা ভেস্তে যায়।

পরে কয়েকজন বিভাগীয় শিক্ষার্থীর সাথে উপাচার্যের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপাচার্য বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন নিয়ে জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকের পরই উপাচার্য ও প্রক্টর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান।

এদিকে উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের আহূত রোববারের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোটসহ অন্যান্য ছাত্র সংগঠন।

সম্ভাব্য সহিংসতা এড়াতে ক্যাম্পাসে দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।