দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট অব্যাহত, যাত্রী দুর্ভোগ চরমে
বিআরটিসি বাস বন্ধের দাবীতে গত চারদিন ধরে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন রুটে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘটের ফলে দেশের অন্যান্য স্থানের সাথে দক্ষিণ--পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। টানা চারদিন ধরে চলা এই ধর্মঘটে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হামলায় এ পর্যন্ত শতাধিক টেম্পো ভাংচুর হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক শ্রমিক। আন্দোলকারীরা বিআরটিসি’র চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের পদত্যাগ দাবী করেছে।
এদিকে চরম দুর্ভোগের শিকার হাজার হাজার যাত্রী ধর্মঘট বিরোধী মোর্চা গঠন করে বাগেরহাট, পিরোজপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় ধর্মঘটের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিডিনিউজ কলাপাড়া প্রতিনিধি জানান, পটুয়াখালীর কলাপাড়ায় বাস চালুর দাবীতে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে মনোহরী পট্টিতে পথসভা করে। পথসভা থেকে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদকে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ৪৪টি সংগঠন পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণ--পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার শতাধিক রুটে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট শুরু করে। ধর্মঘট নিরসনে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
