ভারতের হাসপাতালে অর্থমন্ত্রীর অবস্থা অপরিবর্তিত
ভারতের হায়দারাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। মূত্রনালীর ইনফেকশনে তিনি ওই হাসপাতালে ভর্তি হন।
তার ব্যক্তিগত সহকারী বিডিনিউজজে টেলিফোনে জানান, ‘আমরা আশা করছি বিকেলের মধ্যেই তার অবস্থার উন্নতি হবে।’
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) গভর্ণর বোর্ডের ৩৯তম বার্ষিক সভায় যোগ দিতে অর্থমন্ত্রী ভারতের হায়দরাবাদে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার হাসপাতালে ভর্তি হন।
তিনি বিগত কয়েক বছর ধরে মূত্রনালীর অসুখে ভুগছেন।
যশোদা হাসপাতালের চিকিৎসক ড. সি রঘু বলেন, তার শরীরের প্রকৃত অবস্থা জানতে পরীক্ষা - নিরীক্ষা করা হচ্ছে।
তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মূত্রণালীর এই ইনফেকশান রক্তে ছড়িয়ে পড়েছে।
অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সুস্থ্য বোধ করলে মন্ত্রী সোমবার ভারত থেকে সরাসরি কুয়েত যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যোগ দেবেন।
