বগুড়া মহাসড়কে মাসে অর্ধকোটি টাকা চাঁদাবাজি
বগুড়া মহাসড়কের বাসে লাগামহীনভাবে চাঁদাবাজি চলছে। প্রতিমাসে এই মহাসড়ক থেকে চাঁদাবাজরা প্রায় ৫০ লাক্ষ টাকা চাঁদা আদায় করে।
সূত্র জানায়, বগুড়ার বনানী, তিনমাথা, চারমাথা এবং মোকামতলা এলাকায় এই চাঁদাবাজি চলে। আগে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতো বাস-মিনিবাস মলিক সমিতির এক শীর্ষ নেতা ও শীর্ষ আরেক শ্রমিক নেতা। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বগুড়া বাস টার্মিনাল চারমাথা এলাকায় কয়েক দফা দু’পক্ষের সংঘর্ষও হয়েছে। বর্তমানে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে বাস মিনিবাস মালিক সমিতির দুই শীর্ষ নেতা।
সূত্রমতে, মোকামতলা এলাকায় আন্তঃথানা মিনিবাস থেকে ৫০ টাকা ও আন্তঃজেলা বাস থেকে ১২০ টাকা, চারমাথা এলাকায় প্রতিবাসে ৮০ টাকা, তিনমাথা এলাকায় সিলেট, বরিশাল, চট্টগ্রামসহ বাইরের গাড়ীতে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।
প্রশাসনের অন্য সেক্টরের সাথে এদের মাসোহারা ভিত্তিতে যোগাযোগ থাকলেও হাইওয়ে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য নিশিন্দারা উপশহরে হাইওয়ে পুলিশ অফিসের সামনে মাসিক ভিত্তিতে মোটর সাইকেল ও মোবাইল ফোনসহ চাঁদা আদায়কারীদের পক্ষ থেকে একজনকে রাখা হয়েছে।
হাইওয়ে পুলিশ ভ্যান বেরুলেই সেই গাড়ীকে অনুসরণ করে নির্দিষ্ট পয়েন্টে মোবাইলে জানানো হয়। এভাবেই হাইওয়েতে বাসে প্রতিদিন চাঁদাবাজি হলেও এসব বন্ধ করতে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন নতুন কোন কৌশল অবলম্বন করছে না।
সূত্র জানায়, প্রতি মাসে আনুমানিক ৫০ লাখ টাকার চাঁদার ভাগ বাস মিনিবাস মালিক সমিতির নেতা, কিছু শ্রমিক নেতা ও প্রশাসনের কিছু ব্যক্তির পকেটে চলে যায়।
বগুড়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন মহাসড়কে চাঁদাবাজির কথা অস্বীকার করেছেন। এব্যাপারে জেলা পুলিশ সুপার কিংবা সহকারী পুলিশ সুপারের মন্তব্য পাওয়া যায়নি।
