দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলাকালে বরিশালে ক্ষমতাসীন দলের ওয়ার্ড কমিশনারের নেতৃত্বে বাস চলাচলে বাধা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলাকালে বুধবার নগরীর কয়েকটি স্পটে ক্ষমতাসীন দলের এক ওয়ার্ড কমিশনারের নেতৃত্বে ক্যাডাররা বিআরটিসি বাস থামিয়ে জোর করে যাত্রীদের নামিয়ে দেয়।
এমনকি ক্ষমতাসীন দলের ক্যাডারদের বাধার মুখে বরিশাল-ঝালকাঠি রুটের নিয়মিত বাসও চলাচল করতে পারেনি। এরফলে ওই রুটে চলাচলকারী বিএম কলেজের শিক্ষার্থীরাসহ বিপুল সংখ্যক যাত্রী চরম দুর্ভোগে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে নগরীর রুপাতলীর ট্রাফিক আয়ল্যান্ডটি স্থানীয় ওয়ার্ড কমিশনার ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি জিয়াউদ্দিন শিকদারের নেতৃত্বে ক্ষমতাসীন দলের ক্যাডাররা দখল করে নেয়। সরকার দলীয় ক্যাডাররা এসময় বরিশাল থেকে খুলনা, সাতক্ষীরা, বেনাপোল, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা এবং কুয়াকাটাগামী ৮টি বাস আটকে দেয়।
বিআরটিসি’র ডিপো ম্যানেজার শাহ আলম বিষয়টি প্রশাসনকে জানালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মুনিম হাসান ঘটনাস্থলে যান। কিন্তু সরকার দলীয় ওয়ার্ড কমিশনার জিয়াউদ্দিন শিকদারের উপস্থিতির কারণে তারা অনেকটা অসহায় হয়ে পড়েন। ম্যাজিস্ট্রেট মুনিম হাসান ও কোতয়ালী থানার ওসি জিল্লুর রহমান ট্রাফিক আয়ল্যান্ড থেকে ক্যাডারদের সরাতে ব্যার্থ হয়ে, পাশের একটি দোকানে দীর্ঘ সময় অপেক্ষার পর ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে ঝালকাঠি জেলা যুবদলের শীর্ষ নেতা মীর জিয়াউদ্দিন শিকদারও একই ভাবে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বলে সূত্র জানায়।
