সাইসমিক সার্ভের নীতিমালা আবারো মন্ত্রিসভায় পেশ করা হচ্ছে
তেল গ্যাস অনুসন্ধানে তৃতীয় রাউন্ড বিডিং এর প্রস্তুতি হিসেবে নন স্পেকুলেটিভ সাইসমিক সার্ভে পরিচালনা নীতিমালা সোমবার আবারো মন্ত্রিসভা বৈঠকে পেশ করা হতে পারে।
কয়েক মাস আগে এটি মন্ত্রিসভায় পেশ করা হলে তা একটি বিশেষজ্ঞ কমিটির মতামত গ্রহণ করে আবার মন্ত্রিসভায় পেশ করার পরামর্শ দেয়া হয়েছিল। বিশেষজ্ঞ কমিটির মতামতসহ এটি এখন আবার মন্ত্রিসভায় পেশ করা হচ্ছে।
নীতিমালায় গভীর সমুদ্রে প্রায় ১ লাখ ৬ হাজার বর্গ কিলোমিটার এলাকায় নন স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের কথা বলা হয়েছে। এই কাজের জন্যে একটি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হবে। তারা নিজ খরচে এই সার্ভের কাজ করবে। পরে তৃতীয় রাউন্ড বিডিং এর সময় এই উপাত্ত আগ্রহীদের কাছে বিক্রি করা হবে। বিক্রিকৃত অর্থের শেয়ার পাবে পেট্রোবাংলা।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান রোববার বিডিনিউজকে বলেন, মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হলে পেট্রোবাংলা সর্বনিম্ন সময়ে নন স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের জন্য দরপত্র আহ্বান করবে।
অবশ্য সরকারের ফেলে আসা শীত মওসুমে এই সার্ভের কাজ শুরু করার পরিকল্পনা ছিল। তার তথ্য উপাত্তের উপর নির্ভর করে মার্চ মাসে গভীর সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানের পরিকল্পনা ছিল।
নীতিমালা অনুমোদিত হলেও আগামী শীত মওসুমের আগে এই সার্ভের কাজ শুরু করা যাবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর ফলাফলের উপর নির্ভর করে কোনোভাবেই ২০০৭ সালের শেষভাগের আগে তৃতীয় রাউন্ড বিডিং এ যাওয়া যাবে না।
বর্তমান সরকার ২০০৪ সালের মধ্যভাগে ঘোষনা করে, তারা গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য তৃতীয় রাউন্ড বিডিং এর প্রস্তুতি শুরু করেছে।
