জাবিতে ‘রাষ্ট্র, সহিংসতা ও অধিকার’ শীর্ষক দু’ দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ‘রাষ্ট্র, সহিংসতা ও অধিকার: সামাজিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক দু’ দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে ।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শনিবার সকাল দশটায় সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম. আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান।
এম আসাদুজ্জাম বলেন, রাষ্ট্র মানুষের অধিকার সংরক্ষণ করবে। ব্যক্তির চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।
তিনি বলেন, বিশ্বব্যাপী শিশু ও নারীরা নিগৃহীত হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার মাধ্যমে সহিংসতা রোধ এবং অধিকার নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাজ্য, সুইডেন, ডেনমার্কসহ বিভিন্ন দেশের নৃবিজ্ঞানীরা অংশ নিয়েছেন। উদ্বোধনী দিনের দু’টি সেশনে বিভিন্ন দেশের গবেষকরা মোট নয়টি প্রবন্ধ উপস্থাপন করেন।
হরতালের কারণে সম্মেলনের দ্বিতীয় দিনের সেশন রোববারের পরিবর্তে সোমবার অনুষ্ঠিত হবে।
