২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’র ২৮ বিভাগের ২৫ বিভাগে চলছে ২২ মাসের সেশন জট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভয়াবহ সেশন জটের কবলে পড়েছে। জাবি’র মোট ২৮টি বিভাগের মধ্যে ২৫টি বিভাগে চলছে ২০ থেকে ২২ মাসের সেশন জট। এ কারণে প্রায় নয় হাজার শিক্ষার্থীর এখন দিন কাটছে চরম হতাশার মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 09:08 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জাবি কর্তৃপক্ষ জানিয়েছেন, সেশন জট কমানোর জন্য তারা শিগগিরই উদ্যোগ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র জানায়, জাবি’তে সেশন জটের কারণে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় ৭২ কোটি টাকা । একই সঙ্গে শিক্ষার্থীদের অপচয় হচ্ছে প্রায় ৩২ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া সেশন জটের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে প্রায় দু’বছর।

খোঁজ নিয়ে জানা যায়, জাবি’র  সেশন জট আক্রান্ত ২৫ টি বিভাগের মধ্যে ইংরেজী,  নাটক ও নাট্যতত্ত্ব, ভূ -- তাত্ত্বিক বিজ্ঞান, প্রাণ রসায়ন ও  অনুপ্রাণ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ব্যবসায় প্রশাসন  এবং অর্থনীতি বিভাগে সেশন জট সর্বাধিক। তবে বাংলা, পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিভাগে তেমন কোনো সেশন জট নেই।

সেশন জটের নেপথ্য কারণ সম্পর্কে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করার অনীহা ছাড়াও রয়েছে শিক্ষকদেরও ঠিক মতো ক্লাস না নেওয়ার প্রবনতা।

এ ছাড়া পরীক্ষার খাতা মূল্যায়নে বিলম্বের কারণেও যথাসময় ফলাফল প্রকাশ না হওয়া, বিভিন্ন দাবিতে শিক্ষক -- শিক্ষার্থীদের মাঝে মধ্যে ক্লাস ও পরীক্ষা বর্জন -- সেশন জট বাড়াচ্ছে।

সেশন জট প্রসঙ্গে ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রেজওয়ান উল কাদির অভিযোগ করে বিডিনিউজ'কে বলেন, শিক্ষকদের উদাসিনতার কারণেই নিয়মিত ক্লাস হয় না। এটি সেশন জট বাড়ানো ছাড়াও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের ক্রমানবতি ঘটাচ্ছে।

ছাত্রদল জাবি শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বলেন, সেশন জট শিক্ষা কার্যক্রমকে করে তুলেছে মারাত্মক। তিনি সেশন জট কমানোর জন্য প্রশাসনের কাছে  জোর দাবি জানান।

জাবি উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বিডিনিউজকে বলেন, সেশন জট কমানোর জন্য অতিরিক্ত ক্লাস নেওয়া এবং বার্ষিক ক্যালেন্ডার প্রনয়ন করাসহ ডীন অফিসের মাধ্যমে সমন্বিত রুটিন মাফিক পরীক্ষা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি দাবি করে বলেন, ‘আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় অনির্ধারিতভাবে একদিনও বন্ধ থাকেনি।’