২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ হলে ঢাবি’র সাংবাদিকতা বিভাগের ছাত্র প্রহৃত

জগন্নাথ হলের ঢাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রকে ছাত্রদলের ক্যাডাররা বেধরক পিটিয়েছে। প্রত্যক্ষদর্শীরা শনিবার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 11:55 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

আহত ছাত্রের নাম মিনার বৈদ্য (২২)। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র এবং আজকের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক।

আহত ছাত্র মিনার বৈদ্য অভিযোগে জানায়, ছাত্রদলের সাগর মজুমদারের নেতৃত্বে ক্যাডার ভাস্কর, পার্থ এবং সঞ্জয়সহ ৮ থেকে ১০ জন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথ হলের দক্ষিণ ভবনের তিনতলার ২৮৩ নম্বর মিনারের কক্ষে প্রবেশ করে তাকে হকস্টিক ও রড দিয়ে বেধরক মারধর করে। এক পর্যায়ে ক্যাডাররা মিনারকে তিনতলা কক্ষের জানালা দিয়ে ফেলে দিলে সে ক্যান্টিনের দোতলার ছাদে গিয়ে পড়লে গুরুতর আহত হয়।

মিনার জানায়, ছাত্রদল ক্যাডারদের ক্যান্টিনে ফাও খাওয়া এবং অন্যান্য বিষয় নিয়ে প্রায় দেড় বছর আগে একটি প্রতিবেদন প্রকাশ করার কারণে তাকে ছাত্রদল ক্যাডাররা পিটিয়েছে।

মিনার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।