২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান থেকে অবাধে কাঠ ও বাঁশ পাচার হচ্ছে

পার্বত্য জেলা বান্দরবান থেকে দেশের বিভিন্ন স্থানে অবাধে কাঠ এবং বাঁশ পাচার করা হচ্ছে। সূত্র জানায়, কাঠ পাচারকারী চক্র বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীকে হাত করে সদর উপজেলার হলুদিয়া এলাকার বন থেকে অবাধে কাঠ ও বাঁশ অবৈধভাবে পাচার করছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 10:44 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

স্থানীয় লোকজন অভিযোগে জানান, হলুদিয়া এলাকার এস সিরাজ নিজেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সদর থানার সোর্স হিসেবে ওই এলাকায় সাধারণ মানুষ ও অবৈধ ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি করছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, হলুদিয়া এলাকার বিভিন্ন স্থানে নম্বরবিহীন ট্রাক দাঁড়িয়ে রয়েছে মূল্যবান কাঠ ও বাঁশ বোঝাই করার জন্য।

এক শ্রেণীর কাঠ চোরাকারবারি চক্র বড়দুয়ারা বন বিটকে হাত করে বান্দরবান- কেরানীহাট সড়ক হয়ে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত এই পাচার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা অভিযোগে জানান, প্রতি ট্রাক কাঠের জন্য এক হাজার টাকা, এক ট্রাক বাঁশের জন্য ৩ থেকে ৪ শ’ টাকা এবং জ্বালানী কাঠের জন্য ৫শ’ টাকা নেয়া হয়ে থাকে।

বিডিনিউজের প্রতিনিধি এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেননি। স্টেশন কর্মকর্তা নুরুন্নবী চৌধুরী এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।