আদালত অবমাননার দায়ে অভিযুক্ত ৪ আমলার পক্ষে সরকারের ৩ আইনজীবী নিয়োগ
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণে সুপ্রিমকোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়ন না করায় যে চারজন আমলার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আদালত অবমাননার রুল জারি করেছে, সরকার তাদের সহায়তার জন্যে তিনজন বিশিষ্ট আইনজীবীকে নিয়োগ দিয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার জানা যায়, ওই তিনজন আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার রফিকুল হক, অ্যাড. হাবিবুল ইসলাম ভূঁইয়া এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই তিনজন আইনজীবী চার আমলার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির সময় আদালতে তাদের হয়ে লড়বেন।
সূত্র আরো জানায়, অ্যাটর্নি জেনারেল এজে মাহমুদও সরকারের পক্ষে মামলা পরিচালনায় সহায়তা করবেন।
এপ্রিলের ৩ তারিখ সুপ্রিমকোর্ট যে চার আমলার বিরুদ্ধে রুল জারি করে, তারা হলেন-- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমান এবং অর্থসচিব সিদ্দিকুর রহমান। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, আদালত তিন সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা দেওয়ার আদেশ দেন।
ওই রুলের ওপর আদালতের শুনানি ২৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা।
বহুল পরিচিত বিচার বিভাগ পৃথকীকরণ বা মাজদার হোসেন মামলার কৌঁসুলি ব্যারিস্টার এম আমির--উল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হয়।
